রাশমিকা–বিজয়ের জমজমাট প্রি-ওয়েডিং, কিভাবে উদযাপন করছেন ‘বিরোশ’?
ছবি: সংগৃহীত
০৪:৫৪ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
দক্ষিণী সিনেমার আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা-র বিয়ের আয়োজন ঘিরে ইতিমধ্যেই উৎসবের আমেজ তৈরি হয়েছে। রাজস্থানের উদয়পুরে অবস্থিত বিলাসবহুল আইটিসি মেমেন্টোসে আগামী ২৬ ফেব্রুয়ারি বসছে তাদের বিয়ের আসর। আর তার আগে শুরু হয়ে গেছে জমজমাট প্রি-ওয়েডিং উদযাপন।
এই বিশেষ মুহূর্তের ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা জুটি নিজেরাই।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা গেছে আনন্দঘন আয়োজনের নানা দৃশ্য।
বিজয়ের ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে প্রি-ওয়েডিং উৎসবের সূচনা হয় এক প্রাণবন্ত পুল পার্টির মাধ্যমে। রোদঝলমলে পরিবেশে পুলের ধারে হাসি-আড্ডা আর খেলায় মেতে ওঠেন সবাই। বিজয় তাঁর বন্ধুদের সঙ্গে পুল ভলিবল খেলতে দেখা যায়।

এক ছবিতে ভলিবল নেটের পেছনে খেলোয়াড়দের সিলুয়েট ধরা পড়েছে, যা পুরো আয়োজনের হালকা ও বন্ধুত্বপূর্ণ আবহ তুলে ধরে।
পুলের পাশে ভাসমান পানীয় স্টেশন এবং প্রাকৃতিক দৃশ্য মিলিয়ে তৈরি হয়েছিল এক আরামদায়ক পরিবেশ।
অন্যদিকে রাশমিকা শেয়ার করেছেন ক্যান্ডেল লাইট ডিনারের একটি মনোরম ছবি।
সোনালি আলোয় সাজানো টেবিলের মাঝখানে ছিল গোলাপি লিলি ও সবুজ হাইড্রেঞ্জিয়া ফুলের সজ্জা। পরিবেশিত হয়েছে বিশেষ জাপানি খাবার, যা মেন্যু কার্ডে উল্লেখ ছিল।
প্রতিটি প্লেটের নিচে রাখা সবুজ ন্যাপকিনে সূচিকর্ম করা ছিল ‘বিরোশ’ নাম—যা ভক্তদের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে।
খবর অনুযায়ী, আজ ২৪ ফেব্রুয়ারি মেহেন্দি অনুষ্ঠান, ২৫ ফেব্রুয়ারি হলুদ ও সংগীত এবং ২৬ ফেব্রুয়ারি বিয়ের মূল অনুষ্ঠান। বিয়ের পর হায়দরাবাদে আয়োজন করা হবে রিসেপশন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসএন