© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ফ্যামিলিওয়ালা’ ছবিতে নৃত্যশিল্পী রূপে আত্মপ্রকাশ গায়িকা ইমনের!

শেয়ার করুন:
‘ফ্যামিলিওয়ালা’ ছবিতে নৃত্যশিল্পী রূপে আত্মপ্রকাশ গায়িকা ইমনের!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৫ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
রবীন্দ্রসংগীত থেকে লোকগান সংগীতের বিভিন্ন ধারায় নিজস্ব কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। এতদিন গানই ছিল তাঁর একমাত্র পরিচয়। তবে এবার সেই গণ্ডি ভেঙে সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। প্রথমবারের মতো নৃত্যশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই গায়িকা।

সোমবার নিজেই এ সুখবর জানিয়েছেন ইমন। জানা গেছে, প্রযোজক সুমন ঘোষ এর প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশন হাউজ এর ব্যানারে নির্মিতব্য ছবি ফ্যামিলিওয়ালার একটি বিশেষ গানে নাচতে দেখা যাবে তাঁকে। গানটির নাম ‘ঠাকুরজামাই’। ছবিটির জন্য গানটি লিখেছেন ও সুর করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। সংগীতায়োজনের দায়িত্বে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

নাচের অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকারে ইমন জানান, ছোটবেলায় কখনও প্রথাগতভাবে নাচ শেখেননি তিনি। পরে প্রখ্যাত নৃত্যশিল্পী শর্মিলা বিশ্বাস এর কাছে প্রায় এক বছর ওড়িশি নৃত্যের তালিম নিয়েছিলেন। মঞ্চে সরাসরি পরিবেশনার সময় কিছুটা নৃত্যভঙ্গি করতেই হয়, তাই এই সুযোগ হাতছাড়া করতে চাননি বলে জানিয়েছেন গায়িকা।



বাংলা চলচ্চিত্রে পেশাদার সংগীতশিল্পীদের কণ্ঠদান নতুন কিছু নয়। তবে নিজের গানের সঙ্গেই পর্দায় নাচতে দেখা যায় খুব কম শিল্পীকে। সেই জায়গায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েই হাজির হচ্ছেন ইমন। ‘ফ্যামিলিওয়ালা’ ছবিতে প্রথমবার নিজের গানের তালে নৃত্য পরিবেশন করবেন তিনি।

এর আগেও উইন্ডোজ প্রোডাকশন হাউজের সঙ্গে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন ইমন। ‘টাপাটীনি’, ‘রঙ্গবতী’, ‘ও বাবুর মা’, ‘তুমি যাকে ভালোবাসো’ এসব গান শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।

প্রসঙ্গত, ‘ফ্যামিলিওয়ালা’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকছেন লিলি চক্রবর্তী, অনসূয়া মজুমদার, স্বস্তিকা মুখোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তী। ছবিটির প্রযোজনায় রয়েছে উইন্ডোজ প্রোডাকশন হাউজ, নিবেদনে উইন্ডোজ ও মায়া লীলা ফিল্মস। শিবপ্রসাদ ও স্বস্তিকার জুটিকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে জল্পনা, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি নির্মাতাদের পক্ষ থেকে।

এমকে/টিএ

মন্তব্য করুন