পায়ে প্লাস্টার নিয়েও শুটিং ফ্লোরে শ্রীময়ী!
ছবি: সংগৃহীত
০৫:২৭ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যক্তিগত সমস্যা হোক কিংবা শারীরিক অসুস্থতা অভিনয়শিল্পীদের কাছে কাজই সব সময় প্রথম অগ্রাধিকার। সেই দায়বদ্ধতারই আরেকটি নজির স্থাপন করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।
কিছুদিন আগেই অসুস্থ মেয়েকে বাড়িতে রেখেই নির্ধারিত সময়ে শুটিং ফ্লোরে হাজির হয়েছিলেন তিনি। এবার পায়ে চোট ও প্লাস্টার নিয়েও শুটিং চালিয়ে যাওয়ার দৃশ্য সামনে এলো।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন শ্রীময়ী। সেখানে তাঁকে ধারাবাহিকের চরিত্রের সাজে দেখা যায়। বর্তমানে তিনি অভিনয় করছেন মিলন হবে কত দিনে ধারাবাহিকে।
ভিডিওতে দেখা যায়, পায়ে প্লাস্টার বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছেন তিনি। শুটিংয়ের ফাঁকে সহশিল্পী অলিভিয়া ধীরে ধীরে তাঁর পায়ে মালিশ করছেন। চারপাশে তখন সহকর্মীদের হাসি-আড্ডায় প্রাণবন্ত পরিবেশ।
ভিডিওতে শ্রীময়ী জানান, সাধারণত কাজের চাপে শুটিং সেটে ভিডিও করার সুযোগ হয় না তাঁর। তবে এদিন সহকর্মীদের আন্তরিকতা দেখে তিনি তা ভাগ করে নিতে চেয়েছেন। কথার মাঝেই ক্যামেরা ঘুরিয়ে অলিভিয়াকে দেখান তিনি। তখনই স্পষ্ট হয়, চোট পেয়েও দায়িত্ব পালন করে যাচ্ছেন অভিনেত্রী।

সহকর্মীর সাহায্য নিয়েও রসিকতা করতে ভোলেননি শ্রীময়ী। হাসতে হাসতে অলিভিয়াকে উদ্দেশ করে বলেন, তিনি আদর করছেন নাকি আরও ব্যথা বাড়িয়ে দিচ্ছেন, তা বোঝা কঠিন। এ সময় পাশে বসে মনোযোগ দিয়ে চিত্রনাট্য পড়তে দেখা যায় রাজর্ষি–কে। সামনেই থাকা রূপসজ্জাশিল্পী রবিন মজার ছলে বলেন, আজ অলিভিয়া খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গেছেন, এমনই থাকলে নাকি আরও দ্রুত কাজ এগোবে। হাসি-ঠাট্টার মধ্যেই কিছুক্ষণের বিরতি শেষে আবার শুটিংয়ে মন দেন সকলে।
উল্লেখযোগ্য বিষয় হলো, শারীরিক কষ্ট সত্ত্বেও নিজের কাজকে এক মুহূর্তের জন্যও অবহেলা করেননি শ্রীময়ী। পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত সহকর্মী ও দর্শক উভয়ের কাছেই প্রশংসিত হচ্ছে।
প্রসঙ্গত, ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে শ্রীময়ী অভিনয় করছেন গোরার কাকিমা তথা মনোজিতের স্ত্রী সংযুক্তা চরিত্রে। অন্যদিকে অলিভিয়াকে দেখা যাচ্ছে মেঘনা সেন চরিত্রে, যিনি মেঘ নামেও পরিচিত।
এমকে/টিএ