© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বনির মায়ের সঙ্গে কৌশানির সম্পর্ক কেমন, জানালেন নিজেই

শেয়ার করুন:
বনির মায়ের সঙ্গে কৌশানির সম্পর্ক কেমন, জানালেন নিজেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৯ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
টলিউডের আলোচিত জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জির প্রেমের শুরু ২০১৫ সালে। রাজ চক্রবর্তী পরিচালিত তাঁদের প্রথম ছবি পারব না আমি ছাড়তে তোকে–এর শুটিং সেট থেকেই ঘনিষ্ঠতা, সেখান থেকেই সম্পর্কের সূচনা। প্রায় এক দশক পেরিয়েও একে অপরের পাশে অটুট রয়েছেন তাঁরা। টলিপাড়ায় যখন ভাঙনের খবর প্রায়ই শিরোনামে, তখন বনি–কৌশানির সম্পর্ক বরাবরই নজর কেড়েছে। তবে বিয়ের প্রসঙ্গে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা জানাননি এই জুটি।

বর্তমানে কাজের ব্যস্ততায় কেরিয়ারের উজ্জ্বল সময়ে রয়েছেন কৌশানি। একের পর এক সফল ছবিতে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বনির মা, অর্থাৎ সম্ভাব্য শাশুড়ির সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।



এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কৌশানি স্পষ্ট জানান, বনির মায়ের সঙ্গে তাঁর কোনও মনোমালিন্য নেই। বরং রসিকতার সুরে বলেন, এ ধরনের প্রশ্ন করলে বনির মা-ই নাকি বলবেন, কৌশানির সঙ্গে ঝগড়া করার সাহস তাঁর নেই। কৌশানির কথায়, বনির বাড়িতে তিনি ভীষণ আদরের। পরিবারের সকলে তাঁকে আগলে রাখেন, ফলে অশান্তির প্রশ্নই ওঠে না।

অভিনেত্রী আরও জানান, ছোটবেলা থেকেই তিনি পরিবারের সবার কাছে ভীষণ স্নেহধন্য। বাবা, আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধব সবার কাছেই আবদার পূরণ হয়েছে সহজেই। কয়েক বছর আগে নিজের মাকে হারানোর পর বনির মা পিয়া সেনগুপ্ত মাতৃস্নেহে আগলে রেখেছেন তাঁকে।

সংবাদমাধ্যমের তরফে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে পিয়া জানান, কৌশানিকে তিনি কন্যাসম মনে করেন। নিজের মেয়ের কর্মজীবনের গুরুত্বপূর্ণ সময়ে যেমন বিয়ের কথা ভাবতেন না, তেমনই কৌশানির ক্ষেত্রেও তাড়াহুড়া করতে চান না। ছেলে ও কৌশানি যখন নিজেরা স্থির হবেন, তখনই চার হাত এক করার আয়োজন করবেন বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে বনি জানিয়েছিলেন, তাঁদের ইচ্ছে গন্তব্যভিত্তিক বিয়ের আয়োজনের। মহামারির আগে একবার বিয়ের পরিকল্পনাও করেছিলেন তাঁরা। পছন্দের তালিকায় ছিল বালি এবং কো সামুই–এর মতো বিদেশি সমুদ্রতট।

এমকে/টিএ

মন্তব্য করুন