৪০ কোটি টাকা নিয়ে গোলমাল, মুখোমুখি রণবীর–ফারহান
ছবি: সংগৃহীত
০৭:৫১ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
৪০ কোটি টাকা নিয়েই এখন বলিউডে চর্চার কেন্দ্রে দুই তারকা—রণবীর সিংহ ও ফারহান আখতার। শোনা যাচ্ছে, ‘ধুরন্ধর’ মুক্তির পরই ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ান রণবীর। আর সেখান থেকেই শুরু বিতর্কের।
নির্মাতাদের দাবি, রণবীর চুক্তিতে সই করার পর ছবির প্রাক্প্রযোজনার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। শুটিং শুরুর প্রস্তুতিও প্রায় সম্পন্ন ছিল। কিন্তু ঠিক শেষ মুহূর্তে ছবি থেকে সরে যান অভিনেতা। এর জেরে প্রযোজনা সংস্থা ও নির্মাতারা ৪০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন বলে জানা গেছে।
সম্প্রতি এই বিষয়টি নিয়ে ‘ডন ৩’-এর নির্মাতা ও রণবীরের মধ্যে বৈঠকও হয়েছে। সেখানে অভিনেতার দাবি, তিনি কোনও ভাবেই নির্মাতাদের আর্থিক ক্ষতির জন্য দায়ী নন। এমনকি প্রযোজকদের কাছ থেকে একটি টাকাও নেননি বলে জানিয়েছেন তিনি।
মধ্যস্থতার আশায় বিষয়টি প্রযোজকদের গিল্ডে গড়ালেও শেষ পর্যন্ত গিল্ড নাকি নিজেদের সরিয়ে নিয়েছে। দুই পক্ষকেই আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
শোনা যাচ্ছে, দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়। নির্মাতাদের বক্তব্য, রণবীরের সম্মতি নিয়েই নির্দিষ্ট চিত্রনাট্য ধরে কাজ শুরু হয়েছিল। অন্যদিকে রণবীরের ঘনিষ্ঠদের দাবি, চিত্রনাট্য তাঁর পছন্দ হয়নি। একাধিকবার পরিবর্তনের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সৃজনশীল মতবিরোধ থেকেই নাকি তাঁর সরে দাঁড়ানো।

তবে সৌজন্যের খাতিরে ও নিজের ভাবমূর্তির কথা বিবেচনা করে ৪০ কোটির মধ্যে কিছু অর্থ দিতে রাজি হয়েছিলেন রণবীর—এমন খবরও ছড়িয়েছে। কিন্তু সেই প্রস্তাবে সম্মত নন ফারহান, দাবি বলিউডের এক সূত্রের।
২০২৩ সালে ঘোষিত ‘ডন ৩’ ঘিরে তাই এখন জটিলতা ক্রমেই বাড়ছে। যদিও প্রকাশ্যে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও বিবৃতি দেননি রণবীর। বলিউডের এই টানাপোড়েন শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায় কি না, সেটাই এখন দেখার।
এসএন