© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৬ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী ছয় মাসের মধ্যে ঢাকা, খুলনা, সিলেট, গাজীপুর ও নারায়ণগঞ্জের নতুন প্রশাসকদের ‘ক্লিন সিটি ও গ্রিন সিটি’ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছয় মাস পর সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে তাদের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী। 

আজ মঙ্গলবার ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেন।

যোগদানের পরই ছয় প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এসব সিটিকে পরিচ্ছন্ন শহরে পরিণত করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অধিকারগুলো দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে হবে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সচল রাখতেই এই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুতই এসব সিটি করপোরেশনে নির্বাচন দেওয়া হবে। 

দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন হবে কি না, তা আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। মশার সমস্যা, পরিচ্ছন্নতা এবং নাগরিকদের আরও যেসব সমস্যা আছে, সেগুলোকে তিনি পিন পয়েন্ট করেছেন।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘প্রতিটি সিটি যেন ক্লিন সিটি হয়, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সবুজায়ন থাকে—সেই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সামনে ডেঙ্গুর মৌসুম শুরু হচ্ছে, সেটা নিয়েও তিনি আমাদের পরামর্শ দিয়েছেন।’ 

এদিকে ঢাকা উত্তর সিটির সাবেক প্রশাসক মো. এজাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার কথা জানান নতুন প্রশাসক শফিকুল ইসলাম।



ইউটি/টিএ

মন্তব্য করুন