দীপিকার অস্ত্রোপচারের পরবর্তী অবস্থা জানালেন স্বামী শোয়েব
ছবি: সংগৃহীত
০১:৪২ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
ফের শরীরে বাসা বেঁধেছিল অসুখ। যকৃতে ১.৩ সেন্টিমিটারের টিউমর হওয়ার খবর দেন দীপিকা কক্কড়। গত বছর মে মাসে ক্যানসার আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন অভিনেত্রী। তার পরে চলে দীর্ঘ লড়াই। সম্প্রতি ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু এর মধ্যেই যকৃতে ফের একটি টিউমর ধরা পড়ে। আতঙ্কিত হয়ে পড়েছিলেন অভিনেত্রী ও তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম। সেই টিউমরের অস্ত্রোপচার করালেন অভিনেত্রী। অস্ত্রোপচারের পরে কেমন আছেন তিনি? জানালেন শোয়েব।
নতুন করে টিউমর ধরা পড়তেই চিকিৎসকের কাছে ছুটে যান দীপিকা। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। মঙ্গলবার অস্ত্রোপচারের পরে অভিনেত্রীর অনুরাগীদের আশ্বস্ত করতে এক বিবৃতিতে শোয়েব লেখেন, “আল্লার আশীর্বাদ আর আপনাদের সকলের প্রার্থনায় দীপিকার অস্ত্রোপচার হয়ে গিয়েছে। সব ভাল মতোই মিটেছে।”

কেমন আছেন ছোটপর্দার অভিনেত্রী? শোয়েব লেখেন, “দীপিকা ভাল আছে। সামান্য যন্ত্রণা রয়েছে। কিন্তু কোনও চিন্তার কারণ নেই। প্রার্থনা করার জন্য সকলকে আরও একবার ধন্যবাদ।”
নতুন করে টিউমরের কথা জানতে পেরে দীপিকা বলেন, “আমি সব সময়ে বলি, শুধু ক্যানসার নয়। যে কোনও অসুখের সঙ্গে বেঁচে থাকাই খুব কঠিন। চিকিৎসা চলছিল, তার মধ্যেই ফের ফিরে আসছে সেই অসুখ। চিকিৎসকেরা আমাকে আগেই প্রস্তুত থাকতে বলেছিলেন। কিন্তু আবার হচ্ছে, এটা জানতে পেরে এবং রুহানের (পুত্র) কথা ভেবে আমি ও শোয়েব খুবই আতঙ্কিত।”
কী উপসর্গ দেখা দিয়েছিল, তা নিয়েও কথা বলেন দীপিকা। আতঙ্কিত অভিনেত্রী বলেন, “আবার আমার যকৃতে ১.৩ সেন্টিমিটারের টিউমার পাওয়া গিয়েছে। দু’দিন প্রবল যন্ত্রণায় ভুগেছি। আগের মতো কাঁধে ব্যথা হচ্ছিল। দু’জনেই ভয় পেয়ে যাই। চিকিৎসকের কাছে যাই। এই দিনটা আমার জন্য কঠিন ছিল। দয়া করে প্রার্থনা করুন।”
এসকে/টিকে