ক্যাটরিনা সুপারহিরো, ওকে ভীষণ ভালোবাসি: ভিকি কৌশল
ছবি: সংগৃহীত
০৩:৫০ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। ২০২১ সালে বিয়ের পর গত বছরের ৭ নভেম্বর তাদের ঘরে আসে প্রথম সন্তান। ছেলের নাম রেখেছেন ভিহান কৌশল। এখন ছোট্ট ভিহানের বয়স প্রায় তিন মাস।
সম্প্রতি এক অনুষ্ঠানে নতুন বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ভিকি। ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’ আয়োজিত এক ইভেন্টে তাকে জিজ্ঞেস করা হয়, ‘একদম নতুন বাবা’ হিসেবে কেমন লাগছে? উত্তরে ভিকি বলেন, ওর এখন তিন মাস বয়স। এই বয়সে বাবাদের তেমন কিছু করার থাকে না। আমি এখন শুধু ওর চিয়ারলিডার হওয়ার চেষ্টা করছি। ও একটু বড় হলে যেন আরও বেশি অবদান রাখতে পারি, সেই অপেক্ষায় আছি।

স্ত্রী ক্যাটরিনার প্রসঙ্গে ভিকির কণ্ঠে ছিল গর্ব আর ভালোবাসা। তিনি বলেন, এ মুহূর্তে মা-ই আসল সুপারহিরো। পুরো গর্ভাবস্থায় সে একজন যোদ্ধার মতো ছিল, আর এখন মা হিসেবেও ঠিক তেমনই শক্ত। আমি ওকে নিয়ে ভীষণ গর্বিত। আমি ওকে খুব ভালোবাসি।এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি, যখন ভিহানের বয়স দুই মাস পূর্ণ হয়, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের ছোট্ট হাতের ছবি শেয়ার করে তারা লিখেছিলেন, ‘আমাদের আলোর রশ্মি, ভিহান কৌশল। প্রার্থনার ফল মিলেছে। জীবন সুন্দর। আমাদের পৃথিবী এক মুহূর্তে বদলে গেছে।’
ছেলের নাম ভিহান রাখায় অনেকেই স্মরণ করেছেন ভিকির অভিনীত সিনেমা উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক–এর চরিত্র ‘মেজর ভিহান’-কে।
সিনেমাটির পরিচালক আদিত্য ধর দম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, পর্দার ভিহান থেকে বাস্তবের ভিহান জীবন যেন এক পূর্ণ বৃত্ত।ক্যারিয়ারের দিক থেকেও ২০২৫ সাল ছিল ভিকির জন্য বিশেষ। বাবা হওয়ার পাশাপাশি বক্স অফিসেও সাফল্য পেয়েছেন তিনি। ঐতিহাসিক চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে এবং দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। সামনে তাকে দেখা যাবে সঞ্জয় লীলা বানসালির নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ, যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমআর/টিকে