‘প্রেশার কুকার’ লুকে নজর কাড়লেন নাজিফা তুষি
ছবি: সংগৃহীত
১২:৫২ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
ঈদ মানেই নতুন সিনেমা। এ সময় দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। আর সেই প্রেক্ষাপটেই আসছে নারীপ্রধান গল্পের চলচ্চিত্র ‘প্রেশার কুকার’, যার এক কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। সম্প্রতি নাজিফা তার নতুন লুকের কিছু ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ আসছে ঈদুল ফিতরে আপনার নিকটস্থ সিনেমা হলে।
ছবিতে নাজিফাকে দেখা যাচ্ছে এক অনন্য ও পরিমিত গ্ল্যামারের সঙ্গে রাজকীয় উপস্থিতিতে। তিনি পরেছেন কফি-বাদামি শেডের অরগ্যানজা শাড়ি, যা সূক্ষ্ম সিকুইন ও ছোট স্টোনের কাজের মাধ্যমে আভা ছড়াচ্ছে। শাড়ির সবচেয়ে দৃষ্টি আকর্ষণকারী অংশ হল কালো ফ্লোরাল এমব্রয়ডারি। পাড় ও আঁচলে এই কনট্রাস্ট পুরো লুককে করেছে আরও নজরকাড়া। সঙ্গে রয়েছে ম্যাচিং স্লিভলেস ডিপ নেকলাইন ব্লাউজ, যা সাজানো সূক্ষ্ম অলংকরণ দিয়ে। আউটফিটটি এসেছে ক্লদিং ব্র্যান্ড ‘প্রিয়ালি’ থেকে।
গয়নায় নাজিফা বেছে নিয়েছেন বড় স্টেটমেন্ট ঝুমকা। হাতে ব্ল্যাক পলিশড ব্যাঙ্গল এবং সঙ্গে কালো ভেলভেট বাটুয়া ব্যাগ, যার ভারী ফ্লোরাল কারুকাজ শাড়ির এমব্রয়ডারির সঙ্গে এক চমৎকার সামঞ্জস্য তৈরি করেছে।

মেকআপে তিনি রেখেছেন সফট গ্ল্যাম টাচ। জাহিদ খান ব্রাইডাল মেকওভারের ছোঁয়ায় নাজিফার রূপ পেয়েছে ভিন্ন মাত্রা। ন্যুড লিপস্টিক, মাশকারা ও কালো কাজল দিয়ে করা স্মোকি আই, নিখুঁতভাবে আঁকা ভ্রু সব মিলিয়ে এক পরিমিত অথচ মোহময়ী উপস্থিতি। হাইলাইটারের ব্যবহারে লুকটি আরও উজ্জ্বল হয়েছে। চুল মাঝখান থেকে সিঁথি করে লো পোনিটেইলে বাঁধা, যেখানে মুক্তার হেয়ার অ্যাক্সেসরিজ যোগ করেছে ফাইনিশিং টাচ।
সব মিলিয়ে ঈদে সিনেমা মুক্তির আগেই এই রাজকীয় গ্ল্যামার লুকে ভক্তদের নজর কাড়লেন নাজিফা তুষি, যিনি প্রেশার কুকারের প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছেন।
এমআই/এসএন