© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজয়-রাশমিকার বিয়েতে শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেয়ার করুন:
বিজয়-রাশমিকার বিয়েতে শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৪ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
রাজস্থানের উদয়পুরে এখন উৎসবের আবহ। তারকাদের আনাগোনায় জমে উঠেছে মহারাণা প্রতাপ বিমানবন্দর চত্বর। বিয়ের ঘণ্টা বাজতে আর মাত্র একদিন বাকি, তার আগেই আলোচনার কেন্দ্রে দক্ষিণের জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। সঙ্গীতের আসর, ঘরোয়া ক্রিকেট ম্যাচ সব মিলিয়ে জমকালো আয়োজনের মধ্যেই এলো এক বিশেষ বার্তা, যা ঘিরে আরও চাঞ্চল্য।

তারকাযুগল নিজেদের বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে। সেই নিমন্ত্রণের জবাবে প্রধানমন্ত্রী পাঠালেন শুভেচ্ছা ও আশীর্বাদভরা চিঠি। তিনি লিখেছেন, এমন আনন্দঘন মুহূর্তে দেবরকোন্ডা ও মান্দানা পরিবারকে আন্তরিক অভিনন্দন। বিজয় ও রাশমিকার জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়, জীবনের সাতটি ধাপ তারা একসঙ্গে এগিয়ে যাবে বন্ধুত্ব আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে। ব্যক্তিগত জীবনের এই নতুন কাহিনি পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহে পূর্ণ হোক বলেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।



প্রধানমন্ত্রীর এই বার্তা পৌঁছতেই বিয়ের আবহে যেন আরও উজ্জ্বলতা যোগ হয়েছে। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই শুভেচ্ছাবার্তার অংশবিশেষ। ভক্তদের মতে, তারকাজুটির জীবনের বিশেষ দিনে দেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।

এদিকে বিয়ের আগের দিন হবু বউমার জন্য বিশেষ উপহার রাখলেন বিজয়ের মা মাধবী দেবরকোন্ডা। পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে রাশমিকার হাতে তুলে দিলেন নিজেদের ঘরের গয়না। মোটা সোনার বালা পরিয়ে দিয়ে যেন পরিবারের উত্তরাধিকারই অর্পণ করলেন তিনি। এই উপহার কেবল অলঙ্কার নয়, বরং নতুন সদস্যকে আপন করে নেওয়ার এক নিঃশব্দ বার্তা।

উদয়পুরের রাজকীয় প্রাসাদ শহরে তাই এখন শুধু বিয়ের সাজ নয়, আবেগেরও রঙ। তারকাদের উপস্থিতি, পরিবারের আন্তরিকতা আর প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সব মিলিয়ে বিজয় ও রাশমিকা বিয়েকে ঘিরে তৈরি হয়েছে এক অন্যরকম আবহ, যা রূপকথার মতোই মনে রাখবেন তাঁদের অনুরাগীরা।


পিআর/টিএ

মন্তব্য করুন