বিতর্ক শেষে শুরু ‘কল্কি ২’, ৪০ বছর পর মুখোমুখি অমিতাভ-কমল
ছবি: সংগৃহীত
০৪:২৯ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ জল্পনা, কাস্টিং বিতর্ক আর বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রির টানাপড়েন সবকিছু সরিয়ে অবশেষে শুরু হলো ‘কল্কি ২’-এর শুটিং। ২০২৫ জুড়েই ছবিটির কাস্টিং নিয়ে নানা বিতর্ক চলেছে। কখনো দীপিকা পাড়ুকোন-কে ঘিরে অপেশাদারিত্বের অভিযোগ, কখনো আবার প্রিয়াঙ্কা চোপড়া-কে নিয়ে প্রস্তাব প্রত্যাখ্যানের গুঞ্জন—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রেই ছিল এই সিক্যুয়াল। তবে এবার সব বিতর্ক ছাপিয়ে হায়দরাবাদে শুরু হয়েছে শুটিং।

পরিচালক নাগ অশ্বিন নতুন করে ক্যামেরা ঘোরাতেই সামনে এলো এক ঐতিহাসিক মুহূর্ত, চার দশক পর একই সেটে মুখোমুখি হলেন অমিতাভ বচ্চন ও কমল হাসান।
সম্প্রতি শুটিং সেট থেকেই ব্লগে ছবি শেয়ার করেন অমিতাভ। সেখানে অশ্বত্থামার লুকে তাকে দেখা যায় কমল হাসানের সঙ্গে আলাপরত অবস্থায়। সেটে দেখা হতেই কমল হাসান জড়িয়ে ধরেন ‘শাহেনশাহ’-কে।
এই মুহূর্ত ভাগ করে নিয়ে অমিতাভ লেখেন, “দ্য গ্রেট কমল হাসানের সঙ্গে দেখা। ‘গিরাফতার’-এর পর ফের একসঙ্গে কাজ করব আমরা।”
নাগ অশ্বীনের কল্পনায় সাজানো গল্প অনুযায়ী, কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নেয় ‘কল্কি’। সিক্যুয়ালে দেখা যাবে সুপ্রিম ইয়াসকিন (কমল হাসান)-এর ষড়যন্ত্র থেকে কীভাবে কল্কিকে রক্ষা করবেন অশ্বত্থামা (অমিতাভ বচ্চন)।
বলা দরকার, ১৯৮৫ সালে প্রয়াগরাজ পরিচালিত গিরাফতার-এ শেষবার একসঙ্গে অভিনয় করেছিলেন দুই তারকা। প্রায় ৪০ বছর পর আবারও সেই পুনর্মিলনের সাক্ষী হচ্ছে ‘কল্কি ২’।
প্রথম ছবিতে দুই মেগাস্টার থাকলেও একফ্রেমে দেখা যায়নি তাঁদের। তবে সিক্যুয়ালে অশ্বত্থামা বনাম সুপ্রিম ইয়াসকিনের সম্ভাব্য দ্বৈরথের ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে।
পিআর/টিএ