মা হওয়ার সাড়ে তিন মাস পরে জনসমক্ষে ক্যাটরিনা!
ছবি: সংগৃহীত
০৫:০০ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
মাতৃত্বের নতুন অধ্যায়ে পা রাখার পর থেকেই আলোচনার আড়ালে ছিলেন ক্যাটরিনা কাইফ। ২০২৫ সালের নভেম্বরে মা হওয়ার পর প্রায় সাড়ে তিন মাস জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। রুপালি পর্দার ব্যস্ততা সরিয়ে রেখে পুরো সময়টাই তিনি কাটাচ্ছিলেন নবজাতক পুত্রকে ঘিরে।
অবশেষে দীর্ঘ বিরতির পর জনসমক্ষে দেখা মিলল ক্যাটরিনার। গাড়িতে বসে ছিলেন তিনি, মুখে মাস্ক। ক্যামেরা তাক করতেই হাত নাড়লেন, চোখের কোণে ফুটে উঠল একগাল হাসি। সংক্ষিপ্ত সেই মুহূর্তেই স্পষ্ট, মাতৃত্বের ক্লান্তির মাঝেও রয়েছে তৃপ্তির আভা। তাঁর সঙ্গে ছিলেন পরিচিত তারকা শরীরচর্চা প্রশিক্ষক ইয়াসমিন করাচিওয়ালা।

মা হওয়ার পর এখনও নতুন কোনও ছবিতে চুক্তিবদ্ধ হননি অভিনেত্রী। ঘনিষ্ঠ মহলের খবর, এই সময়টা পুরোপুরি সন্তানকে দিতেই চান তিনি। চলতি বছরের ৭ নভেম্বর তাঁদের পুত্রের জন্ম হয়। তার আগে সেপ্টেম্বরে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন ক্যাটরিনা ও তাঁর স্বামী ভিকি কৌশল। সন্তানের জন্মের পরে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় জানিয়েছিলেন, তাঁদের জীবনের সেরা অধ্যায়ের সূচনা হলো।
২০২১ সালে রাজকীয় আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা ও ভিকি। সেই থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সচেতনই থেকেছেন দু’জন। মা হওয়ার পর সেই গোপনীয়তা আরও একধাপ বেড়েছে। তবে সাম্প্রতিক এই প্রকাশ্যে আসা যেন ইঙ্গিত দিচ্ছে, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি।
ক্যামেরা দেখেই হাত নাড়া আর মৃদু হাসি ছোট্ট এই উপস্থিতিতেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। কেউ লিখেছেন, অনেক দিন পর প্রিয় অভিনেত্রীকে দেখে মন ভরে গেল। আবার কেউ প্রশ্ন তুলেছেন, কবে আবার পর্দায় ফিরবেন তিনি। আপাতত অবশ্য ক্যাটরিনার অগ্রাধিকার একটাই মাতৃত্বের এই নতুন যাত্রা উপভোগ করা।
পিআর/টিএ