© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইক্যুয়ালিটি কথার কথা, বাস্তবে নেই: স্বস্তিকা মুখোপাধ্যায়

শেয়ার করুন:
ইক্যুয়ালিটি কথার কথা, বাস্তবে নেই: স্বস্তিকা মুখোপাধ্যায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৪ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
ছক ভাঙাই তাঁর পরিচয়। পর্দায় যেমন, তেমনি বাস্তবেও স্পষ্টভাষী স্বস্তিকা মুখোপাধ্যায়। নতুন ছবি প্রোমোটার বৌদি মুক্তির আগে বিভিন্ন প্রসঙ্গে খোলামেলা কথা বললেন তিনি। সমাজ, সমতা, সামাজিক মাধ্যম থেকে ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই তাঁর অকপট মত।

ছবির ঝলকেই রয়েছে শিকড়ে ফেরার ইঙ্গিত। কিন্তু বর্তমানের আত্মকেন্দ্রিক সময়ে মানিয়ে নেওয়া কি সহজ? স্বস্তিকার অভিজ্ঞতা বলছে, মোটেই নয়। ছোটবেলার পাড়ার সম্পর্কের উষ্ণতা আর আজকের বাস্তবের ফারাক তিনি টের পেয়েছেন মায়ের মৃত্যুর দিনেই। সেই ঘটনার কথা বলতে গিয়ে জানান, পরদিনই পাশের বাড়ির এক প্রতিবেশী জানতে চেয়েছিলেন দাহ সম্পন্ন হয়েছে কি না। সেই দিন থেকেই অবাক হওয়া বন্ধ করেছেন তিনি। তাঁর কথায়, এখনকার পৃথিবী প্রত্যেকে নিজের মতো।

সামাজিক মাধ্যম নিয়েও তাঁর স্পষ্ট মত। বিপ্লব এখন কেবল পর্দার ভেতরেই সীমাবদ্ধ বলে মনে করেন স্বস্তিকা। তাঁর দাবি, সেখানে যে তৎপরতা দেখা যায়, তার বাস্তব প্রতিফলন নেই। যদি সত্যিই সেই সমর্থন বাস্তবে থাকত, তবে বাংলা ছবির বাণিজ্যিক সাফল্যের ছবিটাই বদলে যেত।

নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে ভালোবাসেন তিনি। তবে প্রয়োজনে বকাবকিও করেন, সে কথা স্বীকার করতে দ্বিধা নেই। নতুনদের সঙ্গে কাজ মানেই নতুন ভাবনা, আবার নতুন চ্যালেঞ্জও। তাঁর মতে, সিনেমা কখনও মসৃণ পথ নয়। পুরো দল যদি নতুন হয়, তবে প্রযুক্তিগত দক্ষতা দৃঢ় না হলে সমস্যায় পড়তেই হয়।

ছবির সূত্র ধরে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমতা কি সত্যিই আছে? প্রোমোটিং ব্যবসা পুরুষপ্রধান হলেও যে কোনও ক্ষেত্রেই নারীদের আগে বিশেষণ জুড়ে দেওয়া হয় বলে মনে করেন স্বস্তিকা। তাঁর বক্তব্য, সমতা আসলে কথার কথা, বাস্তবে নেই। বিশ্বকাপজয়ী দলকেও আমরা মহিলা দল বলে আলাদা করে চিহ্নিত করি। নারী চিত্রগ্রাহক, নারী গীতিকার—এ ভাবে আলাদা করে বলা যেন প্রমাণ করে আমরা এখনও পুরোপুরি সমান হতে পারিনি।



চলতি বছরে নিজেকেই বদলাতে চান অভিনেত্রী। সামাজিক মাধ্যমে কটূক্তির জবাব না দেওয়ার পরামর্শ পেয়েছেন বোনের কাছ থেকে। যদিও ইতিমধ্যেই দু’বার উত্তর দিয়ে ফেলেছেন। তবু চেষ্টা করছেন উপেক্ষা করতে। তাঁর কথায়, আগে নিজের ভেতরে বদল আনতে পারলে তবেই বাকিটা ভাববেন।

ছবির প্রচারের মঞ্চে দাঁড়িয়েও তাই শুধু নতুন কাজ নয়, সমাজের আয়নাটাও তুলে ধরলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। স্পষ্ট করে জানালেন, সমতার কথা যতই বলা হোক, পথটা এখনও অনেকটাই বাকি।

পিআর/টিএ

মন্তব্য করুন