ঋণখেলাপি মামলায় নীরব অভিনেতা সোহম!
ছবি: সংগৃহীত
০৮:৩২ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
ঋণখেলাপি মামলায় নীরব বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী এখন নতুন টানাপোড়েনের মুখে। অভিযোগকারী শাহিদ ইমামের দাবি, সোহমের কাছে বকেয়া টাকা ফেরত না পাওয়ায় তাঁরা হাই কোর্টে মামলা দায়ের করেছেন। আদালতের নোটিস পাওয়ার পরও সোহম কোনও সাড়া দেননি। বাধ্য হয়ে শাহিদ এই বিশেষ আরবিটিশন অ্যাক্টের আওতায় নতুন নোটিস পাঠিয়েছেন।
আইনজীবী পিন্টু কাঁড়ার বলেন, “এই অ্যাক্ট অনুযায়ী হাই কোর্ট একজন নিরপেক্ষ বিচারপতি নিযুক্ত করবেন। উভয়পক্ষের সঙ্গে কথা বলে বকেয়া টাকা ফেরতের ব্যবস্থা করবেন। মামলা মার্চের মাঝামাঝি উঠবে। সোহম সহযোগিতা করলে বিধানসভা নির্বাচনের আগে বিষয়টি নিষ্পত্তি হতে পারে।”

সোহম অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, “আইনি নোটিস পেয়েছি। আমার আইনজীবী বিষয়টি দেখছেন। শাহিদ আইনি পথে হাঁটলে আমিও পদক্ষেপ নেব। তবে নির্বাচন সামনে আসায় হয়তো আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।”
প্রসঙ্গত, সোহমের বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘পাকা দেখা’ ছবির জন্য ৬৮ লক্ষ টাকা ধার নিয়েছিলেন শাহিদ ইমামের কাছ থেকে। ২০২৩ সালে ২৫ লক্ষ টাকা ফেরত দিয়েছেন, বাকি ৪৩ লক্ষ টাকা মেটাতে ব্যর্থ হয়েছেন। ওই বকেয়া টাকা আদায় করতে ১৬ ফেব্রুয়ারি হাই কোর্টে মামলা দায়ের করা হয়।
পিআর/টিএ