এজলাসে হট্টগোল করা সেই আইনজীবী কারাগারে
ছবি: সংগৃহীত
০৮:৫৬ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
বরিশালে আদালতে বিচারকাজ চলা অবস্থায় এজলাসে হট্টগোল করা জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম সাদিকুর রাহমান লিংকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আদালত তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। এর আগে, দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লিংকনকে গ্রেপ্তার করে।
এদিন গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই আদালত প্রাঙ্গণে উত্তেজনা দেখা দেয়। বিএনপিপন্থি আইনজীবীরা জেলা জজ আদালতের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয়।
প্রসঙ্গত, সোমবার বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার চলাকালে একদল আইনজীবী এজলাসে প্রবেশ করে ভাঙচুর করেন এবং বিচারকের আসন ত্যাগ করতে বাধ্য করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে বেঞ্চ সহকারী রাজীব মজুমদার একাধিক আইনজীবীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন, যেখানে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে প্রধান আসামি করা হয়।
গ্রেপ্তারের পর সমিতির বেশ কয়েকজন নেতা অভিযোগ করেন, লিংকনের বিরুদ্ধে আনা অভিযোগ মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আইনজীবী মহসিন মন্টু দাবি করেন, এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে মূল ঘটনাকে বিকৃত করা হয়েছে।
অন্যদিকে, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, এই মামলা সাজানো এবং বেআইনিভাবে সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার অলক সাহা বলেন, এজাহারভুক্ত আসামি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারের অংশ এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
এর আগে, রোববার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি তালুকদার মো. ইউনুস আদালতে জামিন পান। সেই সিদ্ধান্তে একাংশের আইনজীবীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়, যা বাড়তি উত্তেজনা তৈরি করে।
টিএ/