হৃদরোগের ধাক্কা পেরিয়ে সুস্থ জীবনে সুস্মিতা সেন
ছবি: সংগৃহীত
০৯:১১ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
তিন বছর আগে আচমকাই হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন। খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়ে, তাঁর হৃদ্যন্ত্রে ৯৫ শতাংশ ব্লকেজ। দ্রুত অ্যাঞ্জিয়োপ্লাস্টি করাতে হয়। সেই দুঃসময় পেরিয়ে আজ তিন বছর পর ফিরে তাকিয়ে এক অন্য সুস্মিতার গল্প শোনালেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, হৃদ্রোগে আক্রান্ত হওয়াটা যেন পূর্বনির্ধারিতই ছিল। পরিবারে বাবা-মা দু’জনেরই হৃদ্যন্ত্রের সমস্যা রয়েছে। তাই ঝুঁকি যে ছিল, তা তিনি জানতেন। তবু সুস্থ হয়ে ওঠাকে তিনি ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে করেন। সমাজমাধ্যমে অনুরাগীদের উদ্দেশে লিখেছিলেন, তিন বছর পূর্ণ হল, ঈশ্বরকে ধন্যবাদ, সকলের ভালবাসা তাঁর শক্তি।

অসুস্থতার পর জীবনযাত্রায় বড় বদল আনেন সুস্মিতা। নিয়মিত শরীরচর্চা তাঁর রুটিনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। শুরুতে হালকা ব্যায়াম দিয়ে শুরু করলেও ধীরে ধীরে তিনি ওয়েট ট্রেনিংয়ের দিকে ঝুঁকেছেন। তবে দৌড় একেবারেই বাদ দিয়েছেন। নিয়ম করে হাঁটেন। তাঁর কথায়, শরীর ঠিক কী চাইছে, তা মন দিয়ে শুনতে হয়। সেই সচেতনতার পথেই নিজেকে ধীরে ধীরে ফিরিয়ে এনেছেন স্বাভাবিক জীবনে।
অসুস্থতার ছায়া কাটিয়ে কাজে ফিরেছেন তিনি। ‘আর্যা’ ধারাবাহিকের মাধ্যমে আবারও প্রশংসা কুড়িয়েছেন দর্শকদের। জীবনের কঠিন সময়কে শক্তিতে বদলে ফেলার এই যাত্রাই যেন আজকের সুস্মিতার আসল প্রেরণা।
পিআর/টিএ