© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজয়-রাশমিকার বিয়ের অনুষ্ঠান কেন এড়িয়ে যাচ্ছেন তামান্না ভাটিয়া?

শেয়ার করুন:
বিজয়-রাশমিকার বিয়ের অনুষ্ঠান কেন এড়িয়ে যাচ্ছেন তামান্না ভাটিয়া?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৯ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
কিছু দিন আগেই সদ্‌গুরুর আশ্রমে গিয়ে শিবরাত্রি পালন করতে দেখা গিয়েছিল তামান্না ভাটিয়া-কে। ভক্তদের সঙ্গে নাচে-গানে মেতেছিলেন তিনি। কিন্তু দক্ষিণী জগতের বহুচর্চিত জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা-র বিয়ের প্রীতিভোজে থাকছেন না তামান্না। নিমন্ত্রণ পেয়েও নিজেই জানালেন, উপস্থিত হওয়া সম্ভব নয়।

২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বসছে বিজয়-রাশমিকার বিয়ের আসর। তার আগে হায়দারাবাদে আয়োজন করা হয়েছে প্রীতিভোজ, বিশেষ করে দক্ষিণী জগতের সহকর্মীদের কথা মাথায় রেখেই। বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। দুই পরিবার ও ঘনিষ্ঠ পরিজনেরা পৌঁছে গিয়েছেন। গায়েহলুদ, মেহেন্দি থেকে শুরু করে অতিথিদের জন্য বিশেষ নৈশভোজ সব আয়োজনেই চমকের ছোঁয়া। এক সন্ধ্যায় অতিথিদের জন্য জাপানি খাবারের আয়োজন, অন্য দিন মজার খেলাধুলার আসর সব মিলিয়ে উৎসবের আবহ।



এই আবহের মধ্যেই প্রশ্ন উঠেছিল, তামান্না কি থাকবেন ‘বিরোশ’ জুটির আনন্দঘন মুহূর্তে? সম্প্রতি ছবিশিকারিদের মুখোমুখি হয়ে হাসিমুখে শুভেচ্ছা জানালেও স্পষ্ট জানিয়ে দেন, তিনি যাচ্ছেন না। কারণও খোলসা করেছেন অভিনেত্রী। বর্তমানে সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে একটি ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। সেই কাজের চাপেই বিয়ের অনুষ্ঠান এড়িয়ে যেতে হচ্ছে তাঁকে।

বলিউডে এখন নিয়মিত কাজ করলেও বিজয়, রাশমিকা ও তামান্না তিন জনের পথচলা শুরু দক্ষিণী চলচ্চিত্র জগৎ থেকেই। সহকর্মীর বিয়েতে অনুপস্থিতি তাই কিছুটা বিস্ময় তৈরি করলেও, পেশাগত দায়বদ্ধতাকেই অগ্রাধিকার দিলেন তমন্না। উৎসবমুখর বিয়ের মরসুমে তাঁর অনুপস্থিতি নিয়েই এখন নেটপাড়ায় জোর চর্চা।

পিআর/টিএ


মন্তব্য করুন