© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরিবর্তন চায় বলেই গণভোটে ৬৯ শতাংশ মানুষ 'হ্যাঁ' ভোট দিয়েছে: জামায়াত আমির

শেয়ার করুন:
পরিবর্তন চায় বলেই গণভোটে ৬৯ শতাংশ মানুষ 'হ্যাঁ' ভোট দিয়েছে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন চায় বলেই গণভোটে ৬৯ শতাংশ মানুষ 'হ্যাঁ' ভোট প্রদান করেছে। তিনি অভিযোগ করেন, জনগণের এই স্বতঃস্ফূর্ত রায়কে ধামাচাপা দিতে নির্বাচনের ফলাফলে কারচুপি ও কারিগরি ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি প্রক্রিয়ার সমালোচনা করে জামায়াত আমির বলেন, মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। নয়-ছয় করে নির্বাচনের প্রকৃত ফলাফল আড়াল করার চেষ্টা চলছে। তবে এভাবে আর চলতে দেওয়া হবে না। তিনি ঘোষণা দেন, আগামী দিনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে তারা জীবনের বিনিময়ে হলেও রাজপথে ঢাল হয়ে দাঁড়াবেন।

নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) নিয়ে বিশেষ বার্তা দেন ডা. শফিকুর রহমান। এলাকায় চলমান চাঁদাবাজি ও অরাজকতা বন্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা কোনো অন্যায় সহ্য করব না। ঢাকা-১৫ আসনে চাঁদাবাজি বন্ধে জনগণকে সাথে নিয়ে লড়াই চলবে। আমাদের কৌশল পরিষ্কার- প্রথমে প্রতিবাদ করব, তাতে কাজ না হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আইকে/টিএ

মন্তব্য করুন