© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাহিদ ইসলামআমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়

শেয়ার করুন:
আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪০ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬
প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যাতে গাফিলতি না হয়, সে জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালায় জুলাই আন্দোলনে স্থায়ী পঙ্গুত্ব বরণ করা মো. বাপ্পিকে দেখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, এই সরকার জুলাই গণ-অভ্যুত্থানের ফসল। হাজারো মানুষের জীবনদান, তাদের অঙ্গহানি ও পঙ্গুত্বের বিনিময়েই এই নির্বাচন এবং সরকারের ক্ষমতায় আসা সম্ভব হয়েছে। রাজনীতিসহ সব কিছুর ঊর্ধ্বে উঠে এই আহত ভাইবোনদের প্রতি যেন সরকারের দৃষ্টি থাকে এবং কোনো প্রশাসনিক বা আমলাতান্ত্রিক জটিলতায় তাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়।

তিনি বলেন, তাদের আর্থিক সহযোগিতা, পুনর্বাসন এবং পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে সুরক্ষা দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল, তা পূরণ করা প্রয়োজন। কোনো একটি দলের চেয়ে সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে অনেক বেশি কিছু করা সম্ভব। অন্তর্বর্তী সরকারের সময় অনেক কাজ ইতিমধ্যেই করা হয়েছে; এখন এই সরকারের শুধু সেগুলো দেখভাল করতে হবে।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তারা এই দেশের বীর, তাদের বীরত্বের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা যা কিছু করতে পারছি এবং যে স্বপ্ন দেখছি, তা তাদের কারণেই সম্ভব হয়েছে। তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই। তারা হয়তো বাকি জীবনে আর স্বাভাবিক সুস্থতা ফিরে পাবে না, তাই রাষ্ট্র ও জনগণ হিসেবে আমাদের সব সময় তাদের পাশে থাকতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুল্লাহ্ হায়দার, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী এবং এনসিপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী নাবিলা তাসনিদ প্রমুখ।

এমআর/টিএ 

মন্তব্য করুন