মেয়ে মালতী বাঁচবে কি না জানতেন না প্রিয়াঙ্কা ও নিক!
ছবি: সংগৃহীত
১০:২০ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
মাতৃত্বের পথটা তাঁর জন্য সহজ ছিল না। সারোগেসির মাধ্যমে মা হন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু সন্তানের জন্ম ঘিরে যে ভয়, অনিশ্চয়তা আর দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তা আজও ভুলতে পারেন না তিনি। মাত্র ২৭ সপ্তাহেই জন্ম নেয় কন্যা মালতী মেরি চোপড়া জোনাস। চিকিৎসকেরা আগেই সতর্ক করেছিলেন, পরিস্থিতি জটিল হতে পারে। সেই আশঙ্কাই যেন সত্যি হয়েছিল জন্মমুহূর্তে।
২০২২ সালের ১৫ জানুয়ারি জন্ম মালতীর। জন্মের সময় তাঁর ওজন ছিল মাত্র ৭৬৬ গ্রাম। সঙ্গে সঙ্গে রাখা হয় নিবিড় পরিচর্যা কক্ষে। তিন মাস ধরে প্রতিদিন হাসপাতালে ছুটে গিয়েছেন প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাস। সমস্ত কাজ স্থগিত রেখে কন্যার শারীরিক অবস্থার দিকে নজর ছিল তাঁদের।

সম্প্রতি এক পডকাস্টে প্রিয়াঙ্কা জানান, সেই সময় তাঁরা জানতেন না মালতী আদৌ বাঁচবে কি না। এর মধ্যেই সংবাদমাধ্যমে সন্তানের জন্মের খবর প্রকাশের চাপ আসে। বাধ্য হয়েই নিজেরাই ঘোষণা করেন তাঁরা। কারণ নিজেদের গল্প নিজেরাই বলতে চেয়েছিলেন।
সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল জন্মের পর প্রথম দেখা। প্রিয়াঙ্কার কথায়, জন্মের সময় মালতীর শরীর বেগনি হয়ে গিয়েছিল। হাসপাতালের নার্সদের আঙুলের চেয়েও ছোট ছিল তাঁর মুখ। সেই দৃশ্য দেখে ভেঙে পড়েছিলেন দু’জনেই। তবু আশার আলো নিভতে দেননি।
প্রিয়াঙ্কা জানান, তাঁদের বাড়িতে শিবমূর্তিসহ একটি বড় মন্দির রয়েছে। গোটা পরিবার সেখানে বসে প্রার্থনা করেছিলেন। সেই প্রথম তিনি কেঁদেছিলেন ভয় থেকে নয়, কৃতজ্ঞতা থেকে। কারণ দীর্ঘ লড়াইয়ের পর মালতী বাড়ি ফিরতে পেরেছিল।
একজন দৃঢ়চেতা নারীর জীবনের এই অধ্যায় যেন অন্য এক প্রিয়াঙ্কার পরিচয় দেয় যেখানে খ্যাতি বা সাফল্য নয়, মায়ের হৃদয়ের উদ্বেগ আর প্রার্থনাই ছিল সবচেয়ে বড় সত্য।
পিআর/টিএ