বাড়ি থেকে বেরোনোর আগে স্ত্রী সুনীতার কাছ থেকে টাকা ধার করেন অনিল!
ছবি: সংগৃহীত
০৯:০০ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কপূর ব্যক্তিজীবন নিয়ে বরাবরই খোলামেলা। পর্দায় দাপুটে উপস্থিতি থাকলেও সংসারে তিনি একেবারেই অন্য মানুষ— এমনই এক চমকপ্রদ তথ্য সম্প্রতি সামনে এনেছেন অভিনেতা নিজেই। বাড়ি থেকে বেরোনোর আগে এখনো স্ত্রীর কাছ থেকেই নেন হাতখরচ।
বন্ধুদের মাধ্যমে পরিচয় হয়েছিল সুনীতা কপূর–এর সঙ্গে। তখন সুনীতা সফল মডেল, আর অনিল চলচ্চিত্র জগতে নিজের জায়গা তৈরির লড়াইয়ে ব্যস্ত। বন্ধুত্ব থেকে প্রেম, তারপর দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পর ১৯৮৪ সালের ১৯ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের পর থেকেই অনিলের পোশাক, সাজসজ্জা ও ব্যক্তিগত দেখভালের দায়িত্ব নেন সুনীতা। ধীরে ধীরে নিজের পেশাগত ব্যস্ততা কমিয়ে সংসারেই বেশি সময় দিতে শুরু করেন তিনি।

অভিনেতা জানিয়েছেন, খ্যাতির ঝলকানি থাকলেও সংসারে তিনি নিতান্তই সাধারণ মানুষ। প্রতিদিন কাজের উদ্দেশে বের হওয়ার আগে স্ত্রীর কাছ থেকে ১০ হাজার, কখনও ১৫ হাজার টাকা নিয়ে বের হন। মজার ছলে তিনি বলেন, বিয়ের পর থেকেই এই নিয়ম চলছে, যেন স্ত্রীর কাছ থেকেই হাতখরচ পান তিনি। কোন ছবিতে কাজ করছেন, কোন ছবির প্রচার চলছে— সবকিছুর খোঁজখবরও রাখেন সুনীতা।
অনিল আরও জানান, ক্যারিয়ারের শুরুর দিকে যখন তাঁর হাতে তেমন কাজ ছিল না, সেই সময়ও সংসারের খরচ সামলেছেন তাঁর স্ত্রী। পরিবার থেকে অর্থ না নিয়ে নিজের লড়াই নিজেই লড়তে চেয়েছিলেন তিনি। সেই সময় সুনীতাই ছিলেন তাঁর সবচেয়ে বড় ভরসা।
তারকাখ্যাতির আড়ালে এই দাম্পত্য বোঝাপড়ার গল্প অনুরাগীদের কাছে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এমকে/টিএ