কলকাতায় আসছেন রাজকুমার রাও, ‘হোমওয়ার্ক’ করবেন সৌরভের কাছে!
ছবি: সংগৃহীত
১০:৪৫ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়–এর জীবনীভিত্তিক চলচ্চিত্রকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। মার্চের শুরুতেই তিনি কলকাতায় আসছেন। শুটিং শুরুর আগে সৌরভকে কাছ থেকে জানতেই এই সফর বলে জানা গেছে।
সূত্রের খবর, মার্চের মাঝামাঝি থেকে ছবির চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা। তার আগে কয়েক দিন সময় নিয়ে সৌরভের সঙ্গে কাটাতে চান রাজকুমার। ক্রিকেট মাঠে তাঁর শরীরী ভাষা, আচরণ, নেতৃত্বগুণ— সবকিছু খুঁটিয়ে পর্যবেক্ষণ করবেন অভিনেতা। কার্যত এক ধরনের প্রস্তুতি পর্ব সেরে তবেই ক্যামেরার সামনে দাঁড়াতে চান তিনি।
শুধু রাজকুমার নন, ছবির পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে-ও মার্চের প্রথমেই কলকাতায় আসবেন। সঙ্গে থাকবেন তাঁর দল। উপস্থিত থাকতে পারেন প্রযোজক লাভ রঞ্জনও। ইতিমধ্যে মুম্বইয়ে সৌরভের সঙ্গে বৈঠক করেছেন রাজকুমার, পরিচালক ও প্রযোজক। সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট সংস্থার কোষাধ্যক্ষ সঞ্জয় দাসও।

জানা গেছে, সৌরভকে নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে একাধিক দিন তাঁর সান্নিধ্যে থাকতে চান রাজকুমার। চরিত্রের গভীরে পৌঁছতেই এই উদ্যোগ। ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে জল্পনা চললেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কয়েক জন অভিনেত্রীর নাম বিবেচনায় থাকলেও ঘোষণা বাকি।
উল্লেখ্য, সৌরভের ঘনিষ্ঠ মহলের উদ্যোগেই এই জীবনীচিত্রের পরিকল্পনা এগোয়। নির্মাতা নির্বাচন থেকে শুরু করে মুখ্য ভূমিকায় কাকে নেওয়া হবে— সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রয়েছে সংশ্লিষ্টদের। এখন অপেক্ষা কলকাতায় রাজকুমারের আগমন ও প্রস্তুতি পর্বের সূচনার।
এমকে/এসএন