© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাসার সামনে স্কুলছাত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ

শেয়ার করুন:
বাসার সামনে স্কুলছাত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৫ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর রায়েরবাজারে এক স্কুলছাত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, নিজ বাসার সামনে প্রকাশ্যে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সামাজিক নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ।


দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, ২৫ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১০টার দিকে রাজধানী ঢাকার রায়েরবাজার এলাকায় অষ্টম শ্রেণি পড়ুয়া শাহরিয়ার শারমিন বিন্তি নামে এক শিক্ষার্থীকে নিজ বাসার সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সামাজিক নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ। এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমি এই হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


তিনি বলেন, একটি পরিবারের আদরের সন্তানকে এভাবে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে নিহত শিক্ষার্থীর রূহের মাগফিরাত কামনা করছি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অবিলম্বে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।

তিনি বলেন, দেশের শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সমাজে অরাজকতা তৈরি হবে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। তাই অপরাধ দমনে সরকারকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এসএস/টিএ

মন্তব্য করুন