রাশমিকা-বিজয়ের হলুদে হোলির আমেজ, ছবি ভাইরাল
ছবি: সংগৃহীত
০৫:১৩ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
রাজস্থানের উদয়পুরে জাঁকজমকপূর্ণ অথচ ঘরোয়া আয়োজনে বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী সিনেমার আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। কয়েক ঘণ্টার মধ্যেই উদয়পুরের বিলাসবহুল হোটেল আইটিসি মেমেন্টোস-এ তেলুগু রীতি অনুযায়ী সম্পন্ন হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
জানা গেছে, দিনভর দুই পর্বে হচ্ছে বিয়ের আয়োজন। সকালে বিজয়ের শিকড়কে সম্মান জানিয়ে তেলুগু প্রথায় বিবাহ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় রাশমিকার ঐতিহ্য তুলে ধরতে কোর্গ (কোডাভা) রীতিতে দ্বিতীয় বিবাহানুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
হলুদেই হোলির আমেজ
বিয়ের আগে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় হলুদ অনুষ্ঠান। হলুদের রঙের সঙ্গে যোগ হয় হোলির রঙিন আবহ। অতিথিরা একে অপরকে রঙে রাঙিয়ে তোলেন। সেই মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।
রাশমিকা ও বিজয় ইনস্টাগ্রাম স্টোরিতে সাজসজ্জার কিছু ছবি শেয়ার করলেও ভেতরের মজার ও প্রাণবন্ত মুহূর্তগুলো সামনে আনেন তাঁদের বন্ধুরাই।
তারকাদের রঙিন মুহূর্ত
‘লোকাহ’ অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন, অভিনেত্রী আশিকা রঙ্গনাথ এবং স্টাইলিস্ট শ্রাব্য ভার্মা তিনজনই ইনস্টাগ্রাম স্টোরিতে রঙিন মুহূর্তের ছবি শেয়ার করেন।

আশিকা রঙ্গনাথ আয়নার সামনে তোলা একটি সেলফি পোস্ট করে লেখেন, ‘সব রঙের সঙ্গে ভালোবাসা উদযাপন।’ একই সঙ্গে একটি ফটোবুথ স্ট্রিপেও ধরা পড়ে উৎসবের উচ্ছ্বাস। কল্যাণী প্রিয়দর্শনও মুখভর্তি রঙ মাখা একটি সেলফি শেয়ার করে অনুরাগীদের আনন্দে ভাসান।
হলুদের সাজসজ্জায় নজর কাড়ে যা
বিজয় দেবরাকোন্ডার শেয়ার করা ছবিতে দেখা যায়, খোলা আকাশের নিচে গোলাকার একটি সাজানো মণ্ডপ। নরম কাঠের প্যানেল দিয়ে ঘেরা জায়গার মেঝে জুড়ে ছড়ানো গোলাপি গোলাপের পাপড়ি। মাঝখানে বর–কনের জন্য রাখা দুটি ছোট কাঠের পিঁড়ি, চারপাশে হলুদ ও কমলা গাঁদা ফুলের ঝুড়ি।
ফুলের মাঝে রাখা ব্যক্তিগত নামফলকও নজর কাড়ে একটিতে লেখা ‘রুসি’ (রাশমিকার ডাকনাম), অন্যটিতে ‘বিজয়’। অন্যদিকে রাশমিকা শেয়ার করেন বিশেষ পোষা প্রাণী–থিমের সাজসজ্জা। সেখানে ছিল বিজয়ের পোষা হাস্কি স্টর্ম ও চেস্টার এবং রাশমিকার ককার স্প্যানিয়েল অরা কে উৎসর্গ করা ডেকোরেশন।
অতিথি তালিকায় যারা
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ও অভিনেতা থারুন ভাস্কর, রাহুল রবীন্দ্রন, অভিনেত্রী ঈশা রেব্বা, আশিকা রঙ্গনাথ, স্টাইলিস্ট শ্রাব্য ভার্মা, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও কল্যাণী প্রিয়দর্শনসহ আরও অনেকে।
কীভাবে শুরু তাদের গল্প
রাশমিকা ও বিজয়ের প্রথম পরিচয় হয় ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গীতা গোবিন্দম–এর শুটিং সেটে। পরে তাঁরা একসঙ্গে কাজ করেন ‘ডিয়ার কমরেট’ সিনেমায়। দীর্ঘ সম্পর্কের পর ২০২৫ সালের ৩ অক্টোবর হায়দরাবাদে বিজয়ের বাড়িতে ব্যক্তিগত আয়োজনে বাগদান সারেন এই জুটি।
রঙ, ভালোবাসা ও ঐতিহ্যের মেলবন্ধনে উদয়পুরে রাশমিকা-বিজয়ের বিয়ের মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে আলোচনার কেন্দ্রে।
সূত্র: এনডিটিভি
পিআর/টিকে