বিয়ের ছবি দিয়ে স্বামী বিজয়ের উদ্দ্যেশে আবেগঘন পোস্ট রাশমিকা মান্দানার
ছবি: সংগৃহীত
০৮:০৩ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এবার ভক্তদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের একাধিক ছবি প্রকাশ করেন তিনি।

একই সঙ্গে দীর্ঘ এক আবেগঘন পোস্টে স্বামী বিজয় দেবরাকোন্ডাকে সবার সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।

পোস্টের শুরুতেই রাশমিকা লেখেন, “হাই মাই লাভস, এবার পরিচয় করিয়ে দিচ্ছি- আমার স্বামী! মিস্টার বিজয় দেবরাকোন্ডার সাথে!” এরপর ভালোবাসা, কৃতজ্ঞতা আর উচ্ছ্বাসে ভরা কথায় স্বামীর প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

রাশমিকা লেখেন, বিজয়ই তাকে শিখিয়েছেন সত্যিকারের ভালোবাসা কাকে বলে, মানসিক শান্তির অনুভূতি কেমন হয়। তার ভাষায়, “তিনিই সেই মানুষ, যিনি প্রতিদিন তাকে বড় স্বপ্ন দেখতে উৎসাহ দিয়েছেন এবং বিশ্বাস করিয়েছেন তিনি নিজের কল্পনার চেয়েও বড় কিছু অর্জন করতে সক্ষম।”

অভিনেত্রী আরও জানান, বিজয় কখনও তাকে নিজের মতো করে বাঁচতে বাঁধা দেননি। বন্ধুদের সঙ্গে ভ্রমণের আনন্দও বিজয়ের কাছ থেকেই নতুনভাবে শেখা। এমনকি স্বামীকে নিয়ে একটি বই লিখে ফেলা যায় বলেও উল্লেখ করেন তিনি।
রাশমিকার ভাষায়, “আমি আজ যে নারী হয়ে উঠেছি, সে হতে পেরেছি তোমার কারণেই।” জীবনের অর্জন, সংগ্রাম, সুখ-দুঃখ সবকিছুরই নতুন অর্থ খুঁজে পেয়েছেন তিনি, কারণ বিজয় তার পাশে থেকে সবকিছুর সাক্ষী হয়েছেন।
স্বামীকে উদ্দেশ করে আবেগভরা কথায় তিনি লেখেন, “তোমার স্ত্রী হতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। তোমার স্ত্রী বলে পরিচিত হতে পেরে আনন্দে ভরে গেছি। এখন যেন পুরো উদ্যাপনের সময়!”

পোস্টের শেষে রাশমিকা লেখেন, “চলো, একসঙ্গে জীবনের সেরা সময়টা কাটাই। আমি তোমাকে ভালোবাসি।”

ছবি ও পোস্ট প্রকাশের পরপরই ভক্তদের অভিনন্দন ও শুভেচ্ছায় ভরে যায় সামাজিক মাধ্যম। ‘ভিরোশ’ নামে পরিচিত এই তারকাজুটির বিয়ে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, রাশমিকার এই আবেগঘন বার্তা যেন তাতে নতুন মাত্রা যোগ করল।
পিআর/টিকে