জীবনে সবসময় প্রেম থাকে, কোনো স্লট ফাঁকা রাখি না: স্বস্তিকা মুখোপাধ্যায়
ছবি: সংগৃহীত
০৮:৩৪ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও ঠোঁটকাটা স্বভাবের কারণে বছরজুড়েই আলোচনায় থাকেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে আলোচনা-সমালোচনা পেছনে ফেলে গেল কয়েক বছরে অভিনয়ে নিজেকে বারবার ভেঙে নতুনভাবে হাজির করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার নারী প্রোমোটারের চরিত্রে দেখা যাবে তাকে। নতুন সিনেমা ‘প্রোমোটার বৌদি’ নিয়ে কথা বলতে গিয়েই নিজের প্রেমভাবনা তুলে ধরেছেন এই অভিনেত্রী।
সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, ‘নতুনদের সঙ্গে কাজ আমি সবসময়ই করেছি। বরং বেশি কাজ করেছি। এই সিনেমায় একজন নারী প্রোমোটারের চরিত্রটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। এমন নয় যে শান্তি (চরিত্রের নাম) সিঙ্গল নারী। সে বিবাহিত, তার জমজ সন্তান আছে, সংসারও আছে। সংসার সামলানোর পাশাপাশি সে নিজের কাজও প্রোমোট করে।’

এরপর নিজের জীবনের প্রেম নিয়ে কথা বলতে গিয়ে স্বস্তিকা বলেন, ‘আমার জীবনে সবসময়ই রংধনুর সাত রং থাকে। সব রংই থাকে আমার জীবনে। লাল রং আমার এমনিতেই খুব পছন্দ। লাল লিপস্টিক পরতে ভালোবাসি, লাল গোলাপও প্রিয়। লাল রঙের মধ্যে একটা শক্তি আছে। আর আমার জীবনে সবসময়ই প্রেম থাকে। আমি কোনো স্লট ফাঁকা রাখি না। প্রেমের স্লট অলওয়েজ ফাস্ট ফিলিং।’
সাধারণভাবে প্রোমোটার মানেই অসৎ, টাকার বিনিময়ে নীতি বিসর্জন দেওয়া চরিত্র হিসেবে দেখা হয়। তবে এই সিনেমায় তার বিপরীত দিকটি তুলে ধরা হয়েছে বলে জানান স্বস্তিকা।
তিনি বলেন, ‘এই সিনেমায় অর্থ উপার্জন গুরুত্বপূর্ণ হলেও আমার চরিত্রটা মানুষকে আগলে রাখতে চায়। মানুষের স্বপ্নের বাড়ি, গাড়ির লোভ অনেক সময় চোখে পড়ে। “প্রোমোটার বৌদি” সেই লোভকে আটকাতে চায়, রুখতে চায়। মানুষের সারাজীবনের সঞ্চয় বাঁচাতে চায় সে। এই লড়াইটা কঠিন, কারণ পুরুষশাসিত পেশায় একজন নারী একা লড়ে যায়।’
অভিনেত্রীর মতে, ‘গতানুগতিক ধারার বাইরে গিয়ে যদি এ ধরনের সিনেমা ব্যবসা করে, তাহলে পরিচালক ও প্রযোজকদের মধ্যে আরও ব্যতিক্রমী কাজ করার সাহস তৈরি হবে। নইলে কেবল ট্রেন্ড অনুসরণ করেই কাজ হবে। নারীদের এমন চরিত্রে খুব একটা দেখা যায় না। তবে বলা যায়, শুরুটা হয়েছে।’ সূত্র: সংবাদ প্রতিদিন
পিআর/টিকে