কাজের মধ্যেই জন্মদিন উদ্যাপন অভিনেত্রী ইশার
ছবি: সংগৃহীত
০৮:৫৯ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
আইনজীবী হওয়ার পথ ছেড়ে অভিনয়কেই জীবন বানিয়েছিলেন ইশা সাহা। সেই যাত্রা শুরু হয়েছিল ধারাবাহিক ‘ঝাঁজ লবঙ্গ ফুল’-এর হাত ধরে। তারপর থেকে একের পর এক ছবিতে নিজের জায়গা পাকা করেছেন তিনি। এ বার জন্মদিনেও থামেননি কাজ। ২৬ ফেব্রুয়ারি নিজের বিশেষ দিনটি কাটালেন শুটিং ফ্লোরেই।
এখন তিনি ব্যস্ত ‘সপ্তডিঙার সন্ধানে’ ছবির শুটিংয়ে। জনপ্রিয় ‘গুপ্তধন’ ফ্র্যাঞ্চাইজির এই নতুন কিস্তির কাজ চলছে সুন্দরবনের গোসাবায়। কলকাতা থেকে অনেক দূরে, নদী-জঙ্গল ঘেরা পরিবেশে ইউনিটের সঙ্গেই কেটে গেল তাঁর জন্মদিন।

রাতের প্যাকআপের পরই শুরু হয় উদযাপন। ইউনিটের সদস্যরাই আয়োজন করেছিলেন কেক, বিশেষ খাবার আর ছোট্ট এক জমজমাট আসর। ইশা জানিয়েছেন, শুটিংয়ে জন্মদিন উদযাপনের অভিজ্ঞতা এই প্রথম। কাজের ফাঁকেই এমন আনন্দ তাঁর কাছে একেবারে অন্যরকম। প্রিয় দলের সঙ্গে, প্রিয় কাজের মধ্যে কাটানো এই দিন তাই আলাদা হয়ে থাকল।
এই ছবিতে আবারও রহস্যভেদে নামছে সোনাদা। চার বছর পর বড়পর্দায় ফিরছে সেই চেনা রোমাঞ্চ। সরস্বতী পুজোর দিনেই হয়েছিল ছবির শুভ সূচনা। এখন সুন্দরবনের প্রকৃতির মাঝে জোর কদমে চলছে শুটিং।
ব্যক্তিগত আনন্দ আর পেশাগত দায়বদ্ধতা দুটোকেই এক সুতোয় গেঁথে জন্মদিন কাটালেন ইশা সাহা। কাজের মাঝেই হাসি, ক্লান্তির ভাঁজে কেকের মিষ্টি স্বাদ এভাবেই নতুন বছরে পা রাখলেন নায়িকা।
পিআর/টিকে