আফগান প্রেমিকের প্রেমে হাবুডুবু জ্যাকিকন্যা!
ছবি: সংগৃহীত
০৯:২৫ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শোয়ে অংশ নিয়েই ব্যক্তিগত জীবনের গল্প শেয়ার করে এখন আলোচনার কেন্দ্রে কৃষ্ণা শ্রফ। বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ-এর কন্যা এবং টাইগার শ্রফ-এর বোন কৃষ্ণার প্রেমজীবন নিয়েই এখন চর্চা তুঙ্গে। তাঁর হৃদয় জুড়ে রয়েছেন আফগান পেশাদার যোদ্ধা আবদুল আজিম বাদাকশি।
বর্তমানে যে রিয়ালিটি শোয়ে কৃষ্ণাকে দেখা যাচ্ছে, সেখানেই সহ-অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে তাঁর প্রেমের গল্প। সেই কথোপকথনের ঝলক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। তবে এই সম্পর্কের শুরুটা ছিল একেবারেই সাধারণভাবে।
২০২০ সালে মুম্বইয়ে থাকাকালীন নেটমাধ্যমে একটি বার্তা পাঠান আবদুল। প্রথমে ছিল কেবল সৌজন্য বিনিময়। ধীরে ধীরে শুরু হয় কথোপকথন, তারপর বন্ধুত্ব। ভাষা আলাদা, দেশ আলাদা তবু মন মিলতে সময় লাগেনি। আবদুল কথা বলতেন পার্সি ভাষায়, আর কৃষ্ণা নিজের ভাষায়। তবু আবেগের সেতু তৈরি হয়েছিল সহজেই।

টানা আট মাস দূরত্বে থেকেও ভিডিও কলে যোগাযোগ রেখেছিলেন দু’জনে। এরপর গোয়ায় প্রথম দেখা। কয়েকটি দিন একসঙ্গে কাটানোর পর বিদায়ের মুহূর্তে আবেগ চেপে রাখতে পারেননি কেউই। তারপর আবার নিজ নিজ শহরে ফেরা। কিন্তু তত দিনে সম্পর্ক অন্য মাত্রা পেয়েছে।
কিছুদিন পর দিল্লিতে গিয়ে সরাসরি প্রশ্ন করেছিলেন কৃষ্ণা মুম্বইয়ে তাঁর সঙ্গে থাকতে চান কি না। সেখান থেকেই সম্পর্কের নতুন অধ্যায় শুরু। এখন মুম্বইয়েই একসঙ্গে থাকছেন দু’জনে। লিভ-ইন সম্পর্কে রয়েছেন তাঁরা। নেটমাধ্যমে মাঝেমধ্যেই একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ভাগ করে নেন কৃষ্ণা।
আবদুল আজিম বাদাকশি আন্তর্জাতিক মঞ্চে লড়াই করা একজন পেশাদার এমএমএ যোদ্ধা। ফিটনেস নিয়ে দু’জনেই অত্যন্ত সচেতন। সেই মিলই নাকি তাঁদের সম্পর্কে বিশেষ বন্ধন তৈরি করেছে। ২০২০-তে আলাপ, ২০২১-এ সাক্ষাৎ, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেম এখন দিব্যি চলছে তাঁদের ভালোবাসার পথচলা।
পিআর/টিকে