আপাতত বাজারে আসছে না বিটিসিএলের এমভিএনও সিম
ছবি: সংগৃহীত
১০:০২ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) তাদের মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সেবা পরীক্ষামূলকভাবে চালুর কার্যক্রম স্থগিত করেছে। এমভিএনও সিম বাজারজাতকরণ বিষয়ে পরবর্তী সময়ে গ্রাহকদের অবহিত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিটিসিএলের অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়েছে, বিটিসিএলের এমভিএনও সেবা পরীক্ষামূলকভাবে চালুর কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বিটিসিএল এমভিএনও সিম বাজারজাতকরণের বিষয়ে সম্মানিত গ্রাহকদেরকে পরবর্তীতে জানানো হবে।
এর আগে ঘোষণা দেওয়া হয়েছিল, ১৫ ফেব্রুয়ারি থেকে বিটিসিএলের এমভিএনও সিম এবং ভয়েস, ডেটা ও কনটেন্টসমন্বিত ট্রিপল-প্লে প্যাকেজ বাজারে ছাড়া হবে। প্রাথমিকভাবে রাজধানীর রমনা, গুলিস্তান ও গুলশান বিক্রয়কেন্দ্রে এই সেবা পাওয়ার কথা ছিল।
গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় বিটিসিএলের কার্যালয়ে প্রথমবারের মতো এমভিএনও মডেলে আনলিমিটেড কোয়াড-প্লে সেবার পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান, এমভিএনও মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই মোবাইল সেবা দেওয়া হয়।
প্রাথমিক পর্যায়ে বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের সেবা দেওয়ার পরিকল্পনা করে।
ঘোষণা অনুযায়ী, এই সেবার আওতায় গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল ও আনলিমিটেড মোবাইল ইন্টারনেট সুবিধা পাওয়ার কথা ছিল।
পাশাপাশি অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’, জিপন সংযোগ ও রাউটারসহ আনলিমিটেড ব্রডব্যান্ড ইন্টারনেট এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’-তে নাটক, সিনেমাসহ বিভিন্ন ডিজিটাল কনটেন্ট উপভোগের সুযোগ অন্তর্ভুক্ত থাকার কথা জানানো হয়। আনলিমিটেড ভয়েস, মোবাইল ডেটা, ব্রডব্যান্ড ও ডিজিটাল কনটেন্ট- এই চার সেবা একীভূত করে কোয়াড-প্লে সুবিধা দেওয়ার পরিকল্পনা ছিল।
এর আগে, সাবেক অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম সফলভাবে সচল হয়েছে এবং ভয়েস কল, ডাটা কল, আলাপ টু মোবাইল নেটওয়ার্ক, আলাপ টু আলাপ ও জিপন ইন্টিগ্রেশনের প্রভিশনিং সম্পন্ন হয়েছে। কল টেস্টও সফল হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সবকিছু ঠিক থাকলে ৮ ফেব্রুয়ারি লাইভ পাইলট কার্যক্রম শুরুর আশা প্রকাশ করেছিলেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর সরকার বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেয়।
এমআর/টিকে