চীনা নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ ইরান ত্যাগের আহ্বান
ছবি: সংগৃহীত
০৭:৫১ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানে অবস্থানরত নিজ নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মুখে বহিরাগত নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে উল্লেখ করে চীন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত নেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমানে ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জোরদার করতে এবং যত দ্রুত সম্ভব সরে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে।’
একই দিনে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সমাবেশ জোরদার করার প্রেক্ষাপটে ইসরায়েল থেকে অ-জরুরি দূতাবাস কর্মীদের প্রস্থান অনুমোদন দেয়।
এর আগের দিন ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়-যা যুদ্ধ এড়ানোর শেষ প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছিল।
তবে তেহরান সতর্ক করে দেয়, চুক্তিতে পৌঁছাতে হলে ওয়াশিংটনকে ‘অতিরিক্ত দাবি’ প্রত্যাহার করতে হবে।
বর্তমান নিরাপত্তা পরিস্থিতির আলোকে আপাতত ইরানে ভ্রমণ এড়িয়ে চলতেও শুক্রবার নিজেদের নাগরিকদের পরামর্শ দিয়েছে বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইরান ও প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত চীনা দূতাবাস ও কনস্যুলেটগুলো বাণিজ্যিক ফ্লাইট বা স্থলপথে স্থানান্তর হতে ইচ্ছুক চীনা নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।
কেএন/টিএ