চ্যাটজিপিটিকে বারবার ‘স্যার’ ডেকে ভাইরাল ৭৭ বছরের ভারতীয় ব্যবসায়ী
ছবি: সংগৃহীত
০৬:১৩ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
বিমানে ভ্রমণের সময় ব্যবসার একটি ধারণা নিয়ে কাজ করতে চ্যাটজিপিটি ব্যবহার করছিলেন এক ভারতীয় যাত্রী। পাশের আসনে বসা এক যাত্রী বিষয়টি লক্ষ্য করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তি ভাইরাল হয়ে যান।
হায়দরাবাদের বাসিন্দা ভিবিআর প্রসাদ একটি ভার্টিক্যাল ফার্মিং ব্যবসার পরিকল্পনা তৈরি করতে এআই চ্যাটবট ব্যবহার করছিলেন। পাশের যাত্রী তার সঙ্গে চ্যাটজিপিটির কথোপকথন দেখতে পান।
প্রসাদের প্রতি ওই যাত্রীর আগ্রহ তৈরি হওয়ার কারণ শুধু এই নয় যে, ৭৭ বছর বয়সেও তিনি একটি ব্যবসার ধারণা নিয়ে কাজ করছিলেন। বরং এআইয়ের সঙ্গে তিনি যেভাবে কথা বলছিলেন, সেটিও ওই যাত্রীর নজর কাড়ে।
প্রসাদ তার বার্তায় বারবার চ্যাটজিপিটিকে ‘স্যার’ বলে সম্বোধন করছিলেন। এক কথোপকথনে তিনি লেখেন, ‘ওহ, দারুণ নির্দেশনা, স্যার। অনেক ধন্যবাদ। আমি আবার আপনার কাছে ফিরে আসব, স্যার। আমাকে দুটি ফাইলই ডাউনলোড করতে দিন, স্যার।’
পাশের ওই যাত্রী, যিনি এক্সে teknosaur নামে পরিচিত, প্রসাদের একটি ছবি এবং তাদের কথোপকথনের বিস্তারিত শেয়ার করেন। পোস্টটি দ্রুতই লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায় এবং অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
পোস্টে প্রসাদকে নিজের কাজে গভীরভাবে মনোযোগী হিসেবে বর্ণনা করা হয়। ব্যবসার ধারণা তৈরিতে চ্যাটজিপিটি ব্যবহারের জন্যও তার প্রশংসা করা হয়। ফ্লাইটে দুই যাত্রীর মধ্যে কথাও হয় এবং পরে তাদের বন্ধুত্ব হয় বলে জানা যায়।
প্রসাদ একটি ভার্টিক্যাল ফার্মিং প্রকল্প নিয়ে কাজ করছিলেন। ভার্টিক্যাল ফার্মিং হলো স্তরে স্তরে সাজানো পদ্ধতিতে ফসল উৎপাদন করা, যা প্রায়ই নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ পরিবেশে করা হয়। চ্যাটজিপিটির সঙ্গে তার কথোপকথনের উদ্দেশ্য ছিল ব্যবসার ধারণাটি আরও উন্নত করা।
পোস্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা নতুন প্রযুক্তি গ্রহণের জন্য ওই প্রবীণ ব্যক্তির প্রশংসা করেন। এআই চ্যাটবটের প্রতি তাঁর পুরোনো ধাঁচের ভদ্রতাও প্রশংসা পায়। কেউ কেউ মজা করে বলেন, এআই যদি কখনো পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাহলে তাঁর এই সম্মানজনক আচরণ হয়তো তার কাজে আসতে পারে।
পরে এক্সে নিজেই এই প্রতিক্রিয়ার জবাব দেন প্রসাদ। তিনি মানুষের বার্তার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, মানুষের জীবন আরও উন্নত করতে এআই ব্যবহার করা যেতে পারে।
এমআই/টিএ