সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নিহত
ছবি: সংগৃহীত
১০:১১ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) নিরাপত্তা সূত্র জানায়, পাঞ্জাবের লাধার গ্রামের ওই তিন বাসিন্দা সীমান্তের একটি পিলারের কয়েক কদম সামনে যাওয়ার পর বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি চালান। তাদের দাবি, তিনজনই নিরস্ত্র ছিলেন এবং কোনো সতর্কতা ছাড়াই তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।
নিহত দুজনের পরিচয় হিসেবে আজমত রাসুল শাহ ও মোহসিন জুটের নাম জানিয়েছে সূত্র। তারা লাধারের জাট্টান ওয়ালি হাভেলির বাসিন্দা বলে জানা গেছে।
পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, ওই তিন ব্যক্তি সীমান্তের বেড়া পার হওয়ার কোনো চেষ্টা করেননি। ঘটনাটিকে তারা ‘উসকানিবিহীন’ গুলিবর্ষণ হিসেবে বর্ণনা করেছে। তাদের অভিযোগ, এই ঘটনা সীমান্ত চুক্তি এবং নির্ধারিত নিয়মকানুনের স্পষ্ট লঙ্ঘন।
পাকিস্তানি সূত্র আরও দাবি করেছে, ভারতীয় সংবাদমাধ্যমে ওই বেসামরিক নাগরিকদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে তুলে ধরা হয়েছে। তাদের অভিযোগ, এ ধরনের ঘটনায় বেসামরিক নাগরিকদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার একটি প্রবণতা রয়েছে।
এই ঘটনার এক দিন আগে পাকিস্তানি সামরিক বাহিনী ভারতের বিরুদ্ধে একটি কথিত ‘ফলস-ফ্ল্যাগ’ অভিযানের অভিযোগ তুলেছিল। পাকিস্তানের দাবি ছিল, ভারতীয় বাহিনী জম্মু ও কাশ্মীরে এক সাবেক পাকিস্তানি সেনাসদস্যকে হত্যার বিষয়ে যে দাবি করেছিল, সেটি সাজানো সংঘর্ষের ভিত্তিতে করা হয়েছিল।
সাবেক স্পেশাল সার্ভিসেস গ্রুপের কমান্ডো হাবিলদার মুহাম্মদ আসিফ জীবিত রয়েছেন—এমন দাবি প্রমাণ করতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী তাকে সাংবাদিকদের সামনে হাজির করেন। আসিফ নিজেও জানান, তিনি জীবিত এবং পাকিস্তানেই বসবাস করছেন।
তবে কাসুর সীমান্তের গুলিবর্ষণের ঘটনায় ভারতীয় পক্ষের বক্তব্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: জিও নিউজ
এমআই/টিএ