জানা গেল পেজেশকিয়ানের সবশেষ অবস্থা
ছবি: সংগৃহীত
০২:৩৫ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সকাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মিডিয়ার খবরে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
হামলার পর খামেনি ও পেজেশকিয়ানের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি। তবে ইরানের ইরানা বার্তা সংস্থা জানিয়েছে, অক্ষত আছেন পেজেশকিয়ান। প্রেসিডেন্ট অফিসের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরনা।
এদিকে খামেনির অবস্থা সম্পর্কে রয়টার্সকে নিশ্চিত করেন ইরানের একজন কর্মকর্তা। তিনি জানান, খামেনি তেহরানে নেই। তাকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেয়া হয়েছে।
ইরানের গণমাধ্যম জানিয়েছে, কেন্দ্রীয় তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা অধিদপ্তর লক্ষ্য করেও হামলা চালানো হয়। হামলার পর পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান।
ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কয়েক মাস ধরে এই হামলার পরিকল্পনা করা হচ্ছিল। তবে হামলার সময় ঠিক করা হয় কয়েক সপ্তাহ আগে।
এদিকে ইরান থেকে এখনও কোনো মিসাইল ইসরায়েলের দিকে ছোড়া হয়নি। তবে নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, কয়েক ঘণ্টার মধ্যে পাল্টা হামলা চালাতে পারে ইরান।
কেএন/টিএ