এবার কাতারে মিসাইল ছুড়ল ইরান
ছবি: সংগৃহীত
০৩:২৬ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইসরাইলের পর এবার কাতারে মিসাইল ছুড়েছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আল জাজিরার খবরে এ তথ্য জানা গেছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র।
সকালে ইসরাইলের সঙ্গে মিলে এ হামলার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
মার্কিন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের খবরে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা আকাশ ও সমুদ্রপথে পরিচালিত হচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। হামলা হয়েছে প্রেসিডেন্টের কার্যালয়ের সামনেও। তবে তারা নিরাপদ স্থানে রয়েছেন বলে খবরে জানানো হয়েছে।
ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই এবং তাকে ‘নিরাপদ স্থানে’ স্থানান্তর করা হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও অক্ষত রয়েছেন।
এদিকে ইসরাইলে পাল্টা হামলা শুরু করেছে ইরানও।
এমআর/টিকে