ইরানে ইসরাইলের হামলা, কী বলছে পাকিস্তান?
ছবি: সংগৃহীত
০৭:৪২ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানের ওপর ইসরাইল ও মার্কিন হামলার প্রতিক্রিয়া জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানও। খবর আল-জাজিরার।
এক বার্তায় ইরানের ওপর হামলার কঠোর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সেইসঙ্গে জরুরি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনার টেবিল থেকে সরাসরি যুদ্ধ শুরু করেছে ইসরাইল। মাত্র ৯ মাসের মাথায় আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে তেহরানে আবারও হামলা চালায় নেতানিয়াহু সরকার।
ইরানে সরকারবিরোধী আন্দোলনসহ নানাভাবে ইরানের শাসক পরিবর্তনের চেষ্টা চালানোরও অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে। তা ব্যর্থ হলেও নতুন করে সংঘাত শুরু করলো দেশ দুটি। এ পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।
ইসরাইলি-মার্কিন যৌথ সামরিক আগ্রাসনের জবাবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
এর আগে গেল বছরের ১৩ জুন ‘অপারেশন রাইজিং লায়ন’ এ-ইরানের পরমাণু স্থাপনা ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল। যুক্তরাষ্ট্রও সেই অভিযানে অংশ নেয়।
সেই সময় ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন। ১২ দিনের সংঘাত শেষে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছে যায়। সেই যুদ্ধ-পরবর্তী উত্তেজনাই এ বছরের সংকটের ভিত গড়ে দেয়।
এমআর/টিকে