© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে বার্তা দিলেন নেতানিয়াহু

শেয়ার করুন:
উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে বার্তা দিলেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৯ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইরান ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এমন এক সামরিক অভিযান শুরু করেছে, যার লক্ষ্য ইরানের 'অস্তিত্বগত হুমকি' দূর করা।
নেতানিয়াহু ভাষণে বলেন, 'কিছুক্ষণ আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এমন একটি অভিযান শুরু করেছে, যার উদ্দেশ্য ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থার তৈরি করা অস্তিত্বগত হুমকি সরিয়ে দেওয়া।' তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে তাকে 'মহান বন্ধু' আখ্যা দেন এবং নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান।

ভাষণে ইরানের আয়াতোল্লাহ শাসনব্যবস্থার কঠোর সমালোচনা করেন নেতানিয়াহু। তার দাবি, দীর্ঘদিন ধরে ইরানি শাসকগোষ্ঠী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক স্লোগান দিয়েছে এবং সহিংস কর্মকাণ্ডে জড়িত রয়েছে। তিনি বলেন, 'এই হত্যাকারী সন্ত্রাসী শাসনব্যবস্থাকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। এটি পুরো মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।'

একইসঙ্গে তিনি ইরানের জনগণের উদ্দেশে বার্তা দেন। পারস্য, কুর্দি, আজারি, বালুচ ও আহওয়াজি জনগোষ্ঠীর নাম উল্লেখ করে তিনি বলেন, 'সময় এসেছে তারা অত্যাচারের শৃঙ্খল ভেঙে নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করবে এবং একটি স্বাধীন ও শান্তিকামী ইরান গড়ে তুলবে'।

ইসরায়েলের নাগরিকদের উদ্দেশে নেতানিয়াহু দেশটির হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। তার ভাষায়, 'আমরা একসঙ্গে দাঁড়াব, একসঙ্গে লড়ব এবং একসঙ্গে ইসরায়েলের চিরস্থায়িত্ব নিশ্চিত করব।'

এবি/টিএ

মন্তব্য করুন