© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যগামী আজকের ৩৮ ফ্লাইট বাতিল

শেয়ার করুন:
শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যগামী আজকের ৩৮ ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২১ পিএম | ০৩ মার্চ, ২০২৬
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনগামী নির্ধারিত এসব ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭টি।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর আকাশসীমা বন্ধ থাকায় এসব রুটে উড়োজাহাজ পরিচালনা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে।

 যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকস্মিক এই বাতিলে প্রবাসী শ্রমিক ও ট্রানজিট যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে। অনেকেই টিকিট পুনর্নির্ধারণ ও ফেরত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো বিকল্প ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের সমন্বয়ের চেষ্টা করছে।

এবি/টিএ

মন্তব্য করুন