© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের হাতে বিজয়কে খাইয়ে দিলেন রাশমিকা!

শেয়ার করুন:
নিজের হাতে বিজয়কে খাইয়ে দিলেন রাশমিকা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৯ পিএম | ০৪ মার্চ, ২০২৬
হায়দরাবাদের আকাশে তখনও সন্ধের আলো নামেনি, তার আগেই নবদম্পতিকে একঝলক দেখার আশায় ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। বিয়ের এক সপ্তাহের মাথায় গ্র্যান্ড সংবর্ধনার আগে ভক্তদের সঙ্গে প্রথম সাক্ষাতে ধরা দিলেন দক্ষিণের দুই জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আর সেই মুহূর্তের একাধিক দৃশ্য এখন ঘুরছে নেটদুনিয়ায়।

ফুলে ফুলে সেজে উঠেছিল অনুষ্ঠানের বাড়ি। প্রবেশদ্বারে লেখা ছিল, আমাদের বর্ধিত পরিবারে স্বাগত, ভালোবাসা সহ বিরোশ। নামের মধ্যেই যেন ধরা পড়েছে দুই তারকার মিলনকথা। অতিথিদের সঙ্গে হাত মেলানো, আলিঙ্গন, অটোগ্রাফ বিলি সবেতেই ছিল আন্তরিকতার ছাপ। তারকাখ্যাতির আড়ম্বর সরিয়ে রেখে মাটির কাছাকাছি নেমে আসার এই ছবিই মুগ্ধ করেছে উপস্থিত সকলকে।



শুধু শুভেচ্ছা বিনিময়েই থেমে থাকেননি তাঁরা। অনুরাগীদের বসিয়ে নিজের হাতে খাবার পরিবেশন করেছেন নবদম্পতি। আর সেই ফাঁকেই ধরা পড়েছে এক অন্তরঙ্গ মুহূর্ত। সবার সামনে হাসিমুখে নিজের হাতে বিজয়কে খাইয়ে দিলেন রাশমিকা। ভিডিওয় স্পষ্ট, চোখে চোখে কথা বলছেন তাঁরা। বিয়ের পরেও যে তাঁদের রসায়ন অটুট, তা যেন আরও একবার প্রমাণিত হল।

এর আগে তেলেঙ্গানার থাম্মানপেটের পৈতৃক ভিটেয় গিয়েছিলেন দম্পতি। গ্রামের বাড়িতে সত্যনারায়ণ পুজো দিয়ে স্থানীয়দের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। শুধু তাই নয়, সুবিধাবঞ্চিত পড়ুয়াদের জন্য বৃত্তির ব্যবস্থাও করেছেন তাঁরা। একজন শিল্পীর সামাজিক দায়বদ্ধতার যে দৃষ্টান্ত, তা বাস্তবায়নের চেষ্টা করেছেন বলেই মত অনেকের।

সামাজিক মাধ্যমে নিজেদের কিছু ব্যক্তিগত ছবিও ভাগ করে নিয়েছেন নবদম্পতি। সেখানে ভরপুর রোম্যান্স, উচ্ছ্বাস আর নতুন জীবনের প্রতিশ্রুতি। রাশমিকার লেখা একটি বাক্য বিশেষ ভাবে নজর কেড়েছে, সেই রাতে আমরা এক হয়েছিলাম, কখনও ভুলব না।

এদিকে সংবর্ধনার অতিথি তালিকা নিয়েও জল্পনা তুঙ্গে। বিয়ের পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে দেখা করেছেন তাঁরা। ফলে সংবর্ধনায় রাজনৈতিক ও চলচ্চিত্র জগতের প্রথম সারির বহু ব্যক্তিত্ব উপস্থিত থাকতে পারেন বলেই ধারণা। তেলুগু, তামিল, কন্নড়, মালায়ালম থেকে বলিউড সর্বত্রই আমন্ত্রণ গিয়েছে বলে শোনা যাচ্ছে।

সব মিলিয়ে এটি শুধু একটি সংবর্ধনা নয়, বরং দুই তারকার জীবনের নতুন অধ্যায়কে ঘিরে এক উৎসব। ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়া সেই আন্তরিক মুহূর্তই আপাতত সবচেয়ে বড় প্রাপ্তি বিজয় ও রাশমিকার।

পিআর/টিএ

মন্তব্য করুন