© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভালোবাসায় নতুন ইনিংস, বিয়ে নিয়ে মুখ খুললেন জেনিফার উইঙ্গেট

শেয়ার করুন:
ভালোবাসায় নতুন ইনিংস, বিয়ে নিয়ে মুখ খুললেন জেনিফার উইঙ্গেট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৪ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিয়ের খবর প্রকাশ্যে আসার পরও জেনিফার উইঙ্গেটের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের কমতি নেই। হঠাৎ করে বিয়ের খবর জানিয়ে ভক্তদের চমকে দেওয়া এই অভিনেত্রী এবার নিজেই কথা বললেন এতদিন বিষয়টি আড়ালে রাখার কারণ নিয়ে। জানালেন, তারকা হওয়ার কারণে ব্যক্তিগত জীবন পুরোপুরি ব্যক্তিগত রাখা প্রায় অসম্ভব।

গত জুলাইয়ে যুক্তরাজ্যের ওয়েলসে সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জেনিফার। খ্রিস্টান রীতিতে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর প্রশ্ন ওঠে, এত বড় ঘটনা কেন গোপন রেখেছিলেন অভিনেত্রী?

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে জেনিফার বলেন, ‘এটা কি সত্যিই গোপন কিছু ছিল? সবকিছুই তো সবার সামনেই ঘটেছে। সত্যি বলতে, নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে চাইলেও একজন তারকা হওয়ার কারণে তা সম্ভব হয় না। কারণ সবাই সবকিছু জানতে চায়। এখানে লুকানোর কিছু নেই—ভালো থাকুন, ভালো কাজ করুন, সবই ভালো হবে।’



২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর জেনিফারের ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা হয়েছে। নতুন সম্পর্কের পর ভালোবাসার ওপর তার বিশ্বাস ফিরেছে কি না—এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। তবে জেনিফারের কাছে ভালোবাসার অর্থ কেবল প্রেমিক-প্রেমিকার সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়।

তিনি বলেন, ‘ভালোবাসা বলতে আমি শুধু কাপল বা রোমান্টিক প্রেম বুঝি না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যায় পরিবার, বন্ধুবান্ধব কিংবা পোষা প্রাণীর শর্তহীন ভালোবাসাও কতটা গুরুত্বপূর্ণ। তাই ভালোবাসা শুধু একটা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনে একবার মন ভেঙে গেলেই পৃথিবী শেষ হয়ে যায় না। বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়, সম্পর্ক ভাঙে, জীবন ওঠানামার মধ্য দিয়েই এগিয়ে যায়—আর এটাই জীবনের মজা।’

জানা গেছে, জেনিফার ও উইলিয়ামের পরিচয় অবশ্য বেশ পুরোনো। ২০১২ সালে এক বন্ধুর পার্টিতে প্রথম দেখা হয়েছিল তাদের। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও সম্পর্কটি প্রেমে গড়ায় আরও পরে। ২০২৩ সালে তারা ডেটিং শুরু করেন।

সম্পর্কের একপর্যায়ে থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ছুটি কাটানোর সময় জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন উইলিয়াম। এরপর কয়েক বছরের সম্পর্কের পর চলতি বছরের জুলাইয়ে ওয়েলসে ঘরোয়া আয়োজনে বিয়ের মাধ্যমে নতুন অধ্যায় শুরু করেন দুজন।

এমআর/টিএ  

মন্তব্য করুন