অভিনেত্রী অহনা দত্ত কেন বিরক্ত?
ছবি: সংগৃহীত
০৪:৩১ পিএম | ০৪ মার্চ, ২০২৬
টলিপাড়ার আলোচনায় আবারও ফিরে এল এক চেনা সম্পর্কের টানাপড়েন। তবে এ বার কেন্দ্রবিন্দুতে ছোট্ট একরত্তি শিশু। মেয়ে মীরার অন্নপ্রাশনের পর থেকেই নতুন করে জল্পনা ছড়িয়েছে অভিনেত্রী অহনা দত্ত ও তাঁর মা চাঁদনি গঙ্গোপাধ্যায়-কে ঘিরে। শোনা যাচ্ছিল, নাতনির মুখ দেখেই নাকি মেয়ের সঙ্গে দীর্ঘ দিনের সব অভিমান ভুলে মিলিয়ে দিয়েছেন চাঁদনি। কিন্তু এই খবর প্রকাশ্যে আসতেই স্পষ্ট অসন্তোষ জানালেন অহনা।
কয়েক দিন আগেই স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে মেয়ের অন্নপ্রাশনের আয়োজন করেছিলেন অহনা। ঘরোয়া সেই অনুষ্ঠানের ছবি সামনে আসতেই শুরু হয় নতুন আলোচনা। অতীতে মা-মেয়ের দূরত্ব নিয়ে যা কিছু প্রকাশ্যে এসেছে, তা আবারও টেনে আনা হয়। আর সেই সূত্রেই রটে যায়, নাতনি হওয়ার পর নাকি সম্পর্কের বরফ গলেছে।

এই জল্পনাকেই সম্পূর্ণ ভুল বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে এবং তাতে অযথাই জড়িয়ে দেওয়া হচ্ছে তাঁর ছোট্ট মেয়েকে। স্পষ্ট ভাষায় অহনা জানিয়েছেন, নেতিবাচক কোনও আলোচনার সঙ্গে তিনি তাঁর সন্তানকে যুক্ত করতে চান না। অতীতের তিক্ততা থাকলেও তার আঁচ যেন সন্তানের জীবনে না পড়ে, সেটাই তাঁর একমাত্র কামনা।
এ ঘটনা অবশ্য নতুন নয়। ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন নিয়ে এর আগেও প্রকাশ্যে বহু মন্তব্য করেছেন চাঁদনি। অহনাও কোনও রাখঢাক না রেখেই নিজের অবস্থান জানিয়েছেন বিভিন্ন সময়ে। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে কৌতূহল বরাবরই ছিল টলিপাড়ায়। তবে সময়ের ব্যবধানে যখন পরিস্থিতি অনেকটাই শান্ত, তখন ফের পুরনো ক্ষত উসকে ওঠায় বিরক্ত অভিনেত্রী।
মেয়ে মীরাকে ঘিরে এখন তাঁর সমস্ত ব্যস্ততা। মাতৃত্বের নতুন অধ্যায়ে নিজেকে গুছিয়ে নিতে চাইছেন তিনি। সেই পর্বে পুরনো বিতর্কের ছায়া পড়ুক, তা কোনও ভাবেই চান না অহনা। আর তাই জল্পনার আগুনে ঘি না ঢেলে বরং স্পষ্ট বার্তাই দিলেন তিনি ব্যক্তিগত জীবনের সীমারেখা টানা থাকুক, অন্তত সন্তানের স্বার্থে।
পিআর/টিএ