লন্ডনের মাটিতে দাঁড়িয়ে কেন ‘হুমকি’ দিলেন বাদশা?
ছবি: সংগৃহীত
০৪:৫২ পিএম | ০৪ মার্চ, ২০২৬
লন্ডনের আকাশের নীচে দাঁড়িয়ে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। শান্ত স্বভাবের জন্য পরিচিত হলেও এ বার কণ্ঠে শোনা গেল দৃঢ়তা। প্রথম ভারতীয় র্যাপ শিল্পী হিসেবে ২২ মার্চ লন্ডনের ঐতিহাসিক মঞ্চে উঠতে চলেছেন বাদশা। সেই প্রস্তুতির মাঝেই সমাজমাধ্যমে এক পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
নীল ও লাল জ্যাকেট পরে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকা একটি ছবি ভাগ করে নেন তিনি। মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ছবির উপর বড় অক্ষরে লেখা, ভিতরে ঢুকতে দিল না। এ বার ২২ মার্চ ২০ হাজার সদস্যের পরিবার নিয়ে ভিতরে ঢুকব। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই বার্তা। অনেকে ভেবেছিলেন, সত্যিই কি কোনও অপমানের শিকার হলেন গায়ক।

আসলে বিষয়টি আত্মসম্মান আর স্বপ্নপূরণের আবেগে মোড়া। ২২ মার্চ লন্ডনের বিখ্যাত The O2 Arena-তে অনুষ্ঠান করবেন তিনি। বিশ্বের অন্যতম বৃহৎ এই মঞ্চে পারফর্ম করা বহু দিনের স্বপ্ন ছিল তাঁর। সেই স্বপ্নপূরণের আগে খানিক নার্ভাসনেস কাজ করছে বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন শিল্পী। পোস্টের মাধ্যমে লন্ডনের অনুরাগীদের উদ্দেশে তাঁর বার্তা, এ বার সম্মানের প্রশ্ন, দেখা হবে ওটুতে।
এই যাত্রায় পাশে দাঁড়িয়েছেন শ্রেয়া ঘোষাল। এক ভিডিও বার্তায় বাদশার প্রশংসা করে তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছেন তিনি। পাল্টা কৃতজ্ঞতা জানিয়ে বাদশা বলেছেন, তিনি আশীর্বাদ চেয়েছিলেন, কিন্তু পেয়েছেন ভরসা আর সাহস।
দেশি হিপহপকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার স্বপ্ন বহু দিনের। তাঁর কথায়, এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং ইতিহাস গড়ার সুযোগ। লন্ডনের মাটিতে দাঁড়িয়ে তাই তাঁর সেই ঘোষণা নিছক হুঙ্কার নয়, বরং আত্মবিশ্বাসের প্রকাশ। ২২ মার্চের রাতকে স্মরণীয় করে তুলতে প্রস্তুত তিনি, সঙ্গে থাকবেন হাজারো অনুরাগী।
পিআর/টিএ