মামলা তুলে নিতে চাপ প্রয়োগের অভিযোগ ইকরার বান্ধবীর
ছবি: সংগৃহীত
০৭:৩৮ পিএম | ০৪ মার্চ, ২০২৬
অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত ও বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ‘জাস্টিস ফর ইকরা’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে বুধবার (৪ মার্চ) দুপুর ১২টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইকরার বন্ধু-বান্ধবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে অভিযোগে যাদের নাম এসেছে, তাদের বয়কটের আহ্বানও তোলা হয়।
মানববন্ধনে ইকরার ঘনিষ্ঠ বান্ধবী সামিয়া আলম বলেন, জাহের আলভী, তিথীসহ পুরো টিম নেপাল থেকে চলে এসেছে। পুলিশ কেন তাদে ইকরার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে না। নেপালে কি হয়েছিল, কেন সেদিন ইকরা আত্নহত্যা করলো এসব বিষয়ে তদন্ত করা হোক। তিনি আরও বলেন, আমরা জেনেছি, ইকরার মোবাইল ফোন বর্তমানে পুলিশের কাছে রয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ থাকতে পারে। আমাদের কাছে পাসওয়ার্ড রয়েছে, যা দিয়ে প্রয়োজনীয় তথ্য উদ্ধার করা সম্ভব। আমরা চাই সেগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক।
তিনি আরও জানতে চান, মামলায় যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কতদূর এগিয়েছে এবং তদন্তের অগ্রগতি কী। মামলা উঠানোর প্রসঙ্গ টেনে সামিয়া বলেন, মামলা উঠিয়ে নেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কোন প্রকার প্রভাব বা চাপ ছাড়াই নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। ইকরার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় আলভীকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইকরার ঘনিষ্ঠজনদের অভিযোগ, পারিবারিক অশান্তির পেছনে আলভীর কথিত বিবাহবহির্ভূত সম্পর্ক ভূমিকা রেখেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর গত সোমবার (২ মার্চ) দিবাগত রাতে একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেন আলভী। তার বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। পরদিন মঙ্গলবার (৩ মার্চ) রাতেও একটি ফেসবুক পোস্ট দেন তিনি, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়।
এমকে/টিএ