উর্মিলার সাথে প্রেমের জল্পনায় ২৮ বছর পর মুখ খুললেন রামগোপাল
ছবি: সংগৃহীত
০৮:৪২ পিএম | ০৪ মার্চ, ২০২৬
বলিউডে এক সময় জোর গুঞ্জন ছিল, পরিচালকের ক্যামেরার পেছনের টান কি নায়িকার প্রতি ব্যক্তিগত অনুরাগ থেকেই। প্রায় তিন দশক পর সেই পুরনো প্রশ্নই আবার সামনে। একের পর এক ছবিতে ঊর্মিলাকে নায়িকা করেছিলেন পরিচালক রামগোপাল বর্মা। প্রেমের সম্পর্কের জল্পনা তখন তুঙ্গে। অবশেষে ২৮ বছর পর মুখ খুললেন তিনি।
১৯৯৫ সালে ‘রঙ্গীলা’ মুক্তির পরই বদলে যায় ঊর্মিলার কেরিয়ারের গতি। সেই ছবির সাফল্যের পর রামগোপাল পর পর ‘সত্যা’, ‘দৌড়’, ‘কৌন’, ‘পেয়ার তুনে কেয়া কিয়া’-সহ একাধিক ছবিতে ঊর্মিলাকে নায়িকা করেন। ইন্ডাস্ট্রিতে তাঁকে বলা হত পরিচালকের প্রিয় মুখ। অনেকে আড়ালে ডাকতেন ‘ব্লু-আইড গার্ল’। সেই সময় থেকেই জোর চর্চা, পেশার বাইরে কি অন্য কোনও সম্পর্ক তৈরি হয়েছিল তাঁদের মধ্যে।

এমনও শোনা গিয়েছিল, এই ঘনিষ্ঠতার জেরেই পরিচালকের দাম্পত্যে অশান্তি শুরু হয়। এমনকি স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরির পিছনেও নাকি ছিলেন ঊর্মিলা। তবে এত দিন এই সমস্ত জল্পনা নিয়ে মুখ খোলেননি রামগোপাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানালেন, যদি সত্যিই কিছু থাকত, তা হলে অস্বীকার করার কোনও কারণ ছিল না। তাঁর কথায়, এত বছর আগের ঘটনা নিয়ে কথা বলার কোনও অর্থ নেই। তিনি আগেও এই সম্পর্কের কথা অস্বীকার করেছেন, এখনও সেই অবস্থানেই অনড়।
পরিচালক যেমন নীরব ছিলেন, তেমনই ঊর্মিলাও কখনও প্রকাশ্যে একটি শব্দ খরচ করেননি এই প্রসঙ্গে। তবে এ কথা অস্বীকার করার উপায় নেই, তাঁর কেরিয়ারের বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্যের নেপথ্যে ছিলেন রামগোপালই। পেশাদার সম্পর্ককে ঘিরে যে জল্পনার জন্ম হয়েছিল, সময়ের ব্যবধানে তা আরও রহস্যময় হয়ে উঠেছে।
পিআর/টিএ