© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে

শেয়ার করুন:
স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪২ পিএম | ০৪ মার্চ, ২০২৬
স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ‘মন্টো’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ এবং ‘সেক্রেড গেমস’ খ্যাত অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে। ইতোমধ্যে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অভিনেত্রী হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করে নিজেই এই খবর দিয়েছেন এবং তার স্বাস্থ্যের আপডেট দিয়েছেন।

রাজশ্রী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অবশেষে সাহস করে আমার মা-বাবাকে জানাতে পেরেছি যে আমার ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা (এনওএস), গ্রেড-১ স্তন ক্যান্সার ধরা পড়েছে।

এখন আপনাদেরও বলার সময় এসেছে। এটি রুটিন চেকআপের সময় ধরা পড়ে। আমি ভাগ্যবান যে খুব তাড়াতাড়ি ধরা পড়েছে এবং এর সঙ্গে লড়াই করার সুযোগ পেয়েছি।’

তিনি আরো জানিয়েছেন, বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন।

তার ভাষায়, ‘এত পরীক্ষা আর অস্ত্রোপচার—সব মিলিয়ে যেন এক রোলারকোস্টার যাত্রা। কিন্তু সবার ভালোবাসা এবং সমর্থন আমাকে শক্তি জুগিয়েছে। অস্ত্রোপচারের পর মা-বাবার মুখ দেখে ভয় অনেকটাই কমেছে। এখন আমি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারব।



ভক্তরা মন্তব্যে প্রার্থনা ও শুভ কামনায় ভরিয়ে দিয়েছেন পোস্টটিতে। একজন লিখেছেন, ‘তুমি সুস্থ হয়ে ওঠো রাজশ্রী, এগিয়ে যাও।’ আর একজন মন্তব্য করেছেন, ‘দ্রুত আরোগ্য কামনা করি এবং প্রচুর ভালোবাসা রইল, তোমার জন্য প্রার্থনা করি।’

রাজশ্রী ২০১২ সালে ‘তালাশ’ ছবিতে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। এরপর তিনি ‘কুছ তো লোগ কাহেঙ্গে’ এবং ‘২৪: ইন্ডিয়া’ ধারাবাহিকে অভিনয় করেন।
‘কিক’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বড় পর্দায় ফিরে আসেন। ‘সেক্রেড গেমস’-এর মাধ্যমে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন।

পরবর্তীতে তিনি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’, ‘মম’, ‘মন্টো’ এবং ‘জোরাম’-এর মতো ছবিতে এবং ‘দ্য ফেম গেম’, ‘ট্রায়াল বাই ফায়ার’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ এবং ‘রঙ্গিন’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন