© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাল আছেন শুভশ্রী ও ইউভান, দু-একদিনেই কলকাতায় ফেরার সম্ভাবনা

শেয়ার করুন:
ভাল আছেন শুভশ্রী ও ইউভান, দু-একদিনেই কলকাতায় ফেরার সম্ভাবনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫২ পিএম | ০৪ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির প্রভাব এসে পড়েছিল দুবাই শহরেও। আন্তর্জাতিক বিমান চলাচল হঠাৎ ব্যাহত হওয়ায় সেখানে সাময়িকভাবে আটকে পড়েন টলিউড অভিনেত্রী শুভশ্রী এবং তাঁর ছোট ছেলে ইউভান। কয়েক দিনের জন্য অনিশ্চয়তায় কাটাতে হয় তাঁদের বিদেশের মাটিতে। কলকাতায় বসে উৎকণ্ঠায় সময় গুনছিল পরিবার।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক উড়ান বাতিল হওয়ায় বহু যাত্রীই বিপাকে পড়েন। সেই তালিকায় ছিলেন শুভশ্রীও। শুরুতে যোগাযোগে কিছুটা সমস্যা হওয়ায় উদ্বেগ আরও বাড়ে। তবে পরে ফোনে কথা হওয়ায় পরিস্থিতি খানিক স্বস্তির দিকে মোড় নেয়। অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি জানান, মেয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং মা-ছেলে নিরাপদেই রয়েছেন।



কলকাতায় রয়েছেন শুভশ্রীর স্বামী, পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী এবং তাঁদের কন্যা ইয়ালিনি। দূর দেশ থেকে দফায় দফায় খোঁজ নিচ্ছিলেন রাজ। সন্তানের পরীক্ষার পর হঠাৎ করেই দুবাই সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন শুভশ্রী। কাজের সূত্রে বিদেশ সফর তাঁর নতুন নয়, তবে সন্তানের সঙ্গে এমন অস্থির পরিস্থিতির মুখোমুখি হওয়া স্বাভাবিকভাবেই পরিবারের দুশ্চিন্তা বাড়িয়ে দেয়।

পরিবার সূত্রে জানা গেছে, বিস্ফোরণের খবর আশপাশে ছড়িয়ে পড়লেও যে হোটেলে ছিলেন শুভশ্রী ও ইউভান, সেখানে তাঁরা নিরাপদেই ছিলেন। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে দুবাই থেকে উড়ান পরিষেবাও চালু হতে শুরু করেছে।

সব কিছু ঠিক থাকলে আজ কিংবা আগামী দু-এক দিনের মধ্যেই কলকাতায় ফিরতে পারেন শুভশ্রী ও ইউভান। তাঁদের নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন পরিবার ও অনুরাগীরা। অনিশ্চয়তার মেঘ কেটে আপাতত স্বস্তির আলো দেখছে গাঙ্গুলি পরিবার।

পিআর/টিএ

মন্তব্য করুন