বড় পর্দায় আসছে গেম অব থ্রোনসের কাহিনি!
ছবি: সংগৃহীত
১১:২১ এএম | ০৫ মার্চ, ২০২৬
রাজপরিবারের সিংহাসনের লড়াইয়ের গল্প এবার আসছে বড় পর্দায়। ২০১৯ সালে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’ ফ্যান্টাসি সিরিজের প্রচার শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে। অনেক আগে থেকেই এ গল্প সিনেমায় আনার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রস। এত দিনে সে পরিকল্পনা বাস্তবতার মুখ দেখতে চলেছে। হলিউড রিপোর্টার ও পেজ সিক্স জানিয়েছে, ‘অ্যান্ডোর’ ও ‘হাউস অব কার্ডস’খ্যাত চিত্রনাট্যকার বিউ উইলিমন যুক্ত হয়েছেন এ সিনেমার লেখক হিসেবে। এরই মধ্যে গেম অব থ্রোনস সিনেমার চিত্রনাট্যের প্রথম ড্রাফট জমা দিয়েছেন তিনি।
জর্জ আর আর মার্টিনের উপন্যাস সিরিজ ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। তবে গেম অব থ্রোনস সিরিজের কোনো চরিত্রকে এ সিনেমায় দেখা যাবে না।
আসবে নতুন চরিত্র। কারণ, গেম অব থ্রোনস সিরিজের গল্প যেখান থেকে শুরু হয়েছিল, তার ৩০০ বছর আগের গল্প দেখা যাবে সিনেমায়।

টারগারিয়েন রাজবংশের প্রতিষ্ঠাতা এগন ওয়ানের বিভিন্ন অভিযান ও বিজয় সিনেমাটির মূল প্রেক্ষাপট। এগন ওয়ান চরিত্রটিকে আগে কখনো পর্দায় দেখা যায়নি। সে কারণে সিনেমাটি নিয়ে আলাদা কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। তবে সিনেমায় কারা অভিনয় কিংবা পরিচালনা করবেন, তা এখনো খোলাসা করেনি ওয়ার্নার ব্রস।
গেম অব থ্রোনস সিনেমা নিয়ে বড় আপডেট এমন সময় এল, যখন ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’ সিরিজের প্রচার সপ্তাহখানেক আগেই শেষ হয়েছে। থ্রোনসের গল্পের ১০০ বছর আগের প্লট নিয়ে তৈরি এ স্পিনঅফ ব্যাপক সাড়া ফেলেছে। আগামী জুনে প্রচারিত হবে আরেকটি স্পিনঅফ ‘হাউস অব দ্য ড্রাগন’-এর তৃতীয় সিজন। এটি তৈরি হয়েছে থ্রোনসের ২০০ বছর আগের গল্পে। গেম অব থ্রোনস সিনেমাটি তৈরি হবে আরও পুরোনো কাহিনি নিয়ে। ফলে বোঝাই যাচ্ছে, ধীরে ধীরে নির্মাতারা পেছনে হাঁটছেন। তুলে আনতে চাইছেন টারগারিয়েন রাজবংশের আরও পুরোনো গল্প।
এমকে/এসএন