© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কর্ণ চরিত্র থেকে ত্রিশ কোটির মালিক, হিতেনের সাফল্যের গল্প

শেয়ার করুন:
কর্ণ চরিত্র থেকে ত্রিশ কোটির মালিক, হিতেনের সাফল্যের গল্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৭ পিএম | ০৫ মার্চ, ২০২৬
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হিতেন তেজওয়ানি-এর জন্মদিন আজ, ৫ মার্চ। দীর্ঘ প্রায় আড়াই দশক ধরে ধারাবাহিক অভিনয়ের মাধ্যমে দর্শকের ঘরে ঘরে পরিচিত মুখ তিনি। হিন্দি টেলিভিশনের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কিউঁ কি সাঁস ভি কভি বহু থি-তে কর্ণ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান হিতেন। এই ধারাবাহিকে তিনি ছিলেন তুলসীর সৎছেলে, যে চরিত্রে অভিনয় করেছিলেন স্মৃতি ইরানি।

একই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন গৌরী প্রধান। পর্দার সম্পর্ক বাস্তব জীবনেও রূপ নেয় সংসারে। বর্তমানে তাঁরা যমজ সন্তানের বাবা-মা। ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার বাইরে রেখেছেন হিতেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটপর্দার অভিনেতাদের কঠোর বাস্তবতার কথা খোলাখুলি জানান তিনি। হিতেনের ভাষ্য অনুযায়ী, একটানা কাজ করতে গিয়ে দিনে ২২ ঘণ্টা পর্যন্ত শুটিং করতে হয়েছে তাঁকে। কখনও কখনও টানা ৪৮ ঘণ্টা কীভাবে কেটে গেছে, তা নিজেও বুঝতে পারেননি। শুটিংয়ের ফাঁকে ফাঁকে মাত্র কয়েক মিনিট চোখ বন্ধ করে ঘুমিয়ে নিতে হতো। ক্লান্তির চরম পর্যায়ে গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ে একবার দুর্ঘটনার মুখেও পড়েছিলেন বলে জানান তিনি।

অর্থনৈতিক দিক নিয়েও স্পষ্ট বক্তব্য দেন এই অভিনেতা। তাঁর মতে, একজন সফল ছোটপর্দার অভিনেতা বছরে প্রায় এক কোটি টাকা পর্যন্ত আয় করতে পারেন। তবে সেটি সম্পূর্ণ নির্ভর করে পারিশ্রমিক ও কাজের পরিমাণের ওপর। মাসে প্রায় সাত লক্ষ টাকা পারিশ্রমিক পেলে বছরে আয় দাঁড়ায় প্রায় চুরাশি লক্ষ টাকা। এর সঙ্গে বিজ্ঞাপন বা অন্যান্য অনুষ্ঠানের আয় যুক্ত হলে মোট অঙ্ক এক কোটির কাছাকাছি পৌঁছাতে পারে।



শোনা যায়, বর্তমানে হিতেন তেজওয়ানির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ত্রিশ কোটি টাকা। অথচ ক্যারিয়ারের শুরুতে দিনে মাত্র এক হাজার টাকা পারিশ্রমিক নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি। কঠোর পরিশ্রম ও দীর্ঘ সময় ধরে টিকে থাকার ফলেই আজ এই অবস্থানে পৌঁছেছেন বলে মনে করেন অভিনেতা নিজেই।

নতুন প্রজন্মের অভিনেতাদের উদ্দেশে হিতেনের পরামর্শ, মানসিকভাবে শক্ত না হলে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা অসম্ভব। শরীর খারাপ, ঘুমের অভাব— সবকিছু উপেক্ষা করেই কাজ চালিয়ে যেতে হয়। কারণ একবার সুযোগ হাতছাড়া হলে তা আর সহজে ফিরে আসে না।

বর্তমানে তিনি আবারও কিউঁ কি সাঁস ভি কভি বহু থি-এর নতুন সংস্করণে কাজ করছেন। পাশাপাশি ‘মেরি ভাব্যা লাইফ’ নামের আরেকটি ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছেন এই অভিজ্ঞ অভিনেতা।

এমকে/এসএন

মন্তব্য করুন