যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়াদের পাশে সোনু সুদ
ছবি: সংগৃহীত
০২:১৭ পিএম | ০৫ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকে পড়েছেন বহু পর্যটক ও প্রবাসী। এই অবস্থায় আবারও মানবিকতার বার্তা নিয়ে সামনে এলেন বলিউড অভিনেতা সোনু সুদ। ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে যারা দুবাইয়ে আটকে পড়েছেন, তাঁদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা করবেন তিনি।
এর আগেও করোনা মহামারি ও পাঞ্জাবের বন্যার সময় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন সোনু। এবারও একইভাবে মানবিক উদ্যোগের ঘোষণা দিলেন অভিনেতা। তাঁর কথায়, যে দেশের নাগরিকই হোন না কেন, দুবাইয়ে যদি কেউ বর্তমান পরিস্থিতির কারণে আটকে পড়েন, তবে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করলেই সহযোগিতা পাবেন। যত দিন না নিরাপদে নিজ দেশে ফিরতে পারছেন, তত দিন থাকার খরচ বহন করবেন তিনি।

সম্প্রতি ইরানে যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। তার জেরে একাধিক উড়ান বাতিল হওয়ায় ভ্রমণকারীরা সমস্যায় পড়েছেন। অনেকেই সামাজিক মাধ্যমে সাহায্যের আবেদন জানাচ্ছেন। এমন পরিস্থিতিতে সোনু সুদের ঘোষণা নতুন করে আশার আলো দেখিয়েছে বহু পরিবারকে।
অভিনেতার ভিডিও বার্তা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে প্রশংসার ঢেউ ওঠে। কেউ লিখেছেন, তাঁর এই উদ্যোগ আবারও প্রমাণ করল তিনি শুধু পর্দার নায়ক নন, বাস্তবেরও নায়ক। আবার কেউ জানিয়েছেন, পরিবারের সদস্যরা দুবাইয়ে আটকে পড়েছেন, দ্রুত দেশে ফেরার উপায় খুঁজছেন।
যুদ্ধের আবহে অনিশ্চয়তার মাঝেও সোনু সুদের এই আশ্বাস বহু মানুষের মনে স্বস্তি ফিরিয়েছে। অতীতের মতোই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর বার্তাই দিলেন তিনি।
এমকে/এসএন