প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তা বদলি
ছবি: সংগৃহীত
০৩:৫০ পিএম | ০৫ মার্চ, ২০২৬
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আকস্মিক পরিদর্শনে অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত না পাওয়ার ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তিনজনকে অন্যত্র বদলি করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারীসহ তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী ফাতেমা জান্নাতী।
জানা গেছে, সহকারী ভূমি কর্মকর্তা নাসির উদ্দিনকে রূপগঞ্জ উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে, উপসহকারী ভূমি কর্মকর্তা ওমর ফারুককে খাককান্দা ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহকারী ফাতেমা জান্নাতীকে বন্দর উপজেলার কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে।
এদিকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে কোনো কর্মকর্তা না থাকায় সেবা নিতে এসে অনেক সেবাগ্রহীতা ফিরে যাচ্ছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, কয়েকজন সেবাগ্রহীতা অফিসে অপেক্ষা করছেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বদলি হওয়ায় অফিসে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন না। এ সময় এসিল্যান্ড অফিসের নাজির মো. জান্নাতুল সেখানে অবস্থান করছিলেন। তিনি নতুন কর্মকর্তারা যোগদান করলে তাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেবেন।
অফিসে আসা সেবাগ্রহীতা জাহিদুল হক বলেন, ভূমি সংক্রান্ত একটি কাজের জন্য সকালে অফিসে এসেছি। কিন্তু এসে দেখি কোনো কর্মকর্তা নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কাউকে না পেয়ে আমাদের মতো অনেক সেবাগ্রহীতা বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।
উল্লেখ্য, বুধবার সকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আকস্মিকভাবে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের অনুপস্থিতি দেখতে পান। এরপরই বিষয়টি নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
এসএস/টিকে