© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিসেপশনে ভিড়ে রাশমিকার ‘ঢাল’ হয়ে দাঁড়ালেন বিজয় দেবেরাকোন্ডা

শেয়ার করুন:
রিসেপশনে ভিড়ে রাশমিকার ‘ঢাল’ হয়ে দাঁড়ালেন বিজয় দেবেরাকোন্ডা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৩ পিএম | ০৫ মার্চ, ২০২৬
রাজকীয় বিয়ের পর এক সপ্তাহ ধরে উৎসবের আবহ। উদয়পুরে সাতপাকে বাঁধা পড়ার পর হায়দরাবাদে জাঁকজমকপূর্ণ সংবর্ধনার মধ্য দিয়ে পর্বের ইতি টানলেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা কিন্তু তারকাখচিত সেই আসরেই আচমকা তৈরি হয় বিশৃঙ্খলা, যার ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।

বিলাসবহুল হোটেলে আয়োজিত সংবর্ধনায় উপস্থিত ছিলেন দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ার একাধিক তারকা। শেষ মুহূর্তে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করতে বাইরে আসেন নবদম্পতি। সেই সময়ই ক্যামেরাবন্দি করার উন্মাদনায় শুরু হয় ধাক্কাধাক্কি। নিরাপত্তা বলয় ভেঙে এগিয়ে আসেন কয়েক জন চিত্রগ্রাহক। মুহূর্তের মধ্যে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। ভিড়ের চাপে কার্যত দমবন্ধ অবস্থা রাশমিকার।

ঠিক তখনই সামনে আসেন বিজয়। স্ত্রীর কাছ থেকে এক মুহূর্তও দূরে না সরে তাঁকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে ঢালের মতো আগলে রাখেন। চারদিকের বিশৃঙ্খলার মধ্যেও তাঁর চোখে ছিল সতর্কতা, আচরণে দৃঢ়তা। সেই দৃশ্য ধরা পড়েছে একাধিক ভিডিওতে। অনুরাগীদের একাংশের মতে, এ যেন পর্দার নায়ক নয়, বাস্তবের সঙ্গীসুলভ সুরক্ষা।



উল্লেখ্য, সংবর্ধনার দিন সকালে ভক্তদের সঙ্গে বিশেষ সাক্ষাৎপর্বেও হাজির হয়েছিলেন বিজয় ওরাশমিকা । সাধারণ পোশাকে, বিনম্র ব্যবহারে মন জয় করেছিলেন উপস্থিত সকলের। ভক্তদের সঙ্গে কথা বলা, নিজের হাতে খাবার পরিবেশন সব মিলিয়ে ছিল এক আন্তরিক আবহ। এমনকি সকলের সামনে বিজয়কে খাইয়েও দেন রাশমিকা ।

তবে রাতের সেই ধাক্কাধাক্কির মুহূর্তেই যেন নতুন করে প্রকাশ পেল তাঁদের সম্পর্কের রসায়ন। উন্মাদ ভিড়ের মাঝে বিজয়ের সুরক্ষামূলক আচরণ এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ঝলমলে আয়োজনের শেষে তাই থেকে গেল এক নাটকীয় দৃশ্য, যা ভক্তদের মনে দাগ কেটে দিয়েছে।

পিআর/টিএ

মন্তব্য করুন